বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে কনস্টাস-প্যাটারসন-ফিলিপি
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচের জন্য ১৪ সদস্যের ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে জায়গা পেয়েছেন তরুণ ওপেনার স্যাম কনস্টাস, অভিজ্ঞ ব্যাটার কার্টিস প্যাটারসন এবং উইকেটকিপার-ব্যাটার জশ ফিলিপি। আগামী ৬ থেকে ৮ আগস্ট ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ম্যাচটি। দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক অস্ট্রেলিয়া প্রধান কোচ টিম নিলসন।
৩৩ বছর বয়সী কার্টিস প্যাটারসন ২০১৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টেই সেঞ্চুরি করেছিলেন। এরপর দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও গত দুই বছরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করে আবারও নির্বাচকদের নজরে এসেছেন। এ সময়ে ২৩টি প্রথম-শ্রেণির ম্যাচে প্রায় ৪৮ গড়ে রান করার পাশাপাশি চারটি শতক করেছেন তিনি। ফলে টেস্ট দলের মিডল অর্ডারের সম্ভাব্য বিকল্প হিসেবে তাঁকে বিবেচনা করা হচ্ছে।
দলের সবচেয়ে আলোচিত নাম স্যাম কনস্টাস। ২০২৪ সালের বক্সিং ডে টেস্টে ভারতের বিপক্ষে অভিষেকে ৬০ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেললেও পরবর্তী সময়ে ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় জাতীয় দল থেকে বাদ পড়েন। তবে গত শেফিল্ড শিল্ডে একটি শতক ও দুটি অর্ধশতকসহ ৬৬০ রান করে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ২০ বছর বয়সী এই ওপেনার।
উইকেটকিপার-ব্যাটার জশ ফিলিপিকেও বড় দৈর্ঘ্যের ক্রিকেটে বিবেচনা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সীমিত ওভারের ক্রিকেটে পরিচিত এই ব্যাটার সাম্প্রতিক সময়ে প্রথম-শ্রেণির ক্রিকেটেও ভালো পারফরম্যান্স করছেন। দলে আরেক উইকেটকিপার হিসেবে রয়েছেন জেইক ডোরান।
স্পিন বিভাগে সুযোগ পেয়েছেন অফ স্পিনার কোরি রোকেচলি, যাকে ভবিষ্যতে ন্যাথান লায়নের উত্তরসূরি হিসেবে ভাবা হচ্ছে। গত পাঁচ মৌসুমে শেফিল্ড শিল্ডে ১৫১ উইকেট নিয়ে তিনি অস্ট্রেলিয়ার অন্যতম সফল স্পিনার।
ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ: ক্যাম্পবেল কেলাওয়ে, ক্যাম্পবেল থম্পসন, কোরি রোকেচলি, হ্যানো জ্যাকবস, জেইক ডোরান, জার্সিস ওয়াদিয়া, জশ ফিলিপি, কার্টিস প্যাটারসন, স্যাম কনস্টাস, টিগ উইলি, টম মেনজিস, টম রজার্স, জেভিয়ার ক্রোন ও নোয়া ম্যাকফ্যাডিয়েন।
মতামত দিন