যুক্তরাষ্ট্রের ১৬ শহরে তিন মাসজুড়ে কনার কনসার্ট ট্যুর
জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা যুক্তরাষ্ট্রে দীর্ঘ কনসার্ট সফরে গেছেন। প্রায় তিন মাসব্যাপী এই সফরে তিনি দেশটির ১৬টি শহরে মঞ্চে গান পরিবেশন করবেন। দেশের শিল্পীদের বিদেশ সফরের মধ্যে এটি অন্যতম দীর্ঘ সংগীত সফর বলে জানা গেছে।
মঙ্গলবার (২১ জুলাই) কনসার্টের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গেলেও শুরুতে সফরের বিস্তারিত প্রকাশ করেননি কনা। শনিবার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, তার এই কনসার্ট ট্যুরের আয়োজন করছে দেশি মিউজিক এন্টারটেইনমেন্ট।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২৫ জুলাই থেকে শুরু হয়ে ৩ অক্টোবর পর্যন্ত চলবে এই সংগীত সফর। এ সময়ে ইন্ডিয়ানা, মিশিগান, আটলান্টিক সিটি, লস অ্যাঞ্জেলেস, ওকলাহোমা সিটি, ডালাস, হিউস্টন, শিকাগো, বস্টন, অরল্যান্ডো, ওয়াশিংটন ডিসি, মিয়ামি, আটলান্টা, আবেইয়া, অ্যারিজোনা এবং নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের ১৬টি শহরে গান পরিবেশন করবেন তিনি।
যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে কনা লিখেছেন, ‘প্রিয় আমেরিকাবাসী, আমি আসছি তোমাদের শহরে। চলো, একসঙ্গে স্মরণীয় কিছু মুহূর্ত উপভোগ করি।’
এদিকে, গত ১১ জুলাই সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে কনার সর্বশেষ গান ‘তোমার হতে চাই’। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সজীব দাস। এতে কনার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সজীব দাসও। গানটি ব্যবহৃত হয়েছে রাফাত মজুমদার রিংকু পরিচালিত ‘ভালোবাসার গল্প’ নাটকে।
মতামত দিন