Views Bangladesh Logo

‘গুলশানের চামেলি’ হয়ে ঢাকায় আসছেন কলকাতার মধুমিতা

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার ঢাকাই চলচ্চিত্রে অভিষেক করতে যাচ্ছেন। নির্মাতা মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘গুলশানের চামেলি’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি। বিষয়টি নির্মাতা ও অভিনেত্রী—দুজনই সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও ব্যাপক পরিচিতি পান মধুমিতা। এর আগে ২০১৬ সালে পারভেজ আমিন পরিচালিত নাটক মেঘবালিকা-তে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করলেও এবারই প্রথম বাংলাদেশি চলচ্চিত্রে দেখা যাবে তাকে।

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে ঘিরে নির্মিত হচ্ছে ‘গুলশানের চামেলি’। গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন যৌনকর্মী, যিনি কোনো অপরাধ না করেও ক্ষমতাবানদের নির্মম ষড়যন্ত্রের শিকার হন। চরিত্রটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মধুমিতা বলেন, গল্প ও চরিত্র—দুটিই তার খুব পছন্দ হয়েছে। চরিত্রটির একাধিক স্তর থাকায় অভিনয়েরও যথেষ্ট সুযোগ রয়েছে।

নির্মাতা মোহাম্মদ ইকবাল জানান, বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আগামী ১ আগস্ট অনুষ্ঠিত হবে মহরত, সেদিনই অন্য অভিনয়শিল্পীদের নামও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। পাঁচ বছর আগে সিনেমাটির ঘোষণা দেওয়া হলেও নানা কারণে শুটিং শুরু করা সম্ভব হয়নি।

আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে নির্মিত ‘গুলশানের চামেলি’ চলতি বছর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ছবিটি আগামী বছরের কোনো এক ঈদে মুক্তি পাবে।




মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ