Views Bangladesh Logo

কলকাতার হোটেলে আগুন: একজনের মরদেহ দেশে পৌঁছেছে, বেনাপোল দিয়ে ফিরছে আরও ৫

কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বাংলাদেশিদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে। শনিবার (২২ আগস্ট) সকালে সাতক্ষীরার বাসিন্দা এস এম আলিমুজ্জামানের মরদেহ নিয়ে বাংলাদেশে পৌঁছেছেন স্বজনরা। এ ছাড়া কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ তার পরিবারের চার সদস্য এবং সাভারের জোবায়ের বাবুর মরদেহ নিয়ে কলকাতা থেকে বেনাপোল সীমান্তের পথে রওনা দিয়েছেন স্বজনরা।

আজ ভোরে কলকাতার পার্ক সার্কাসের পিস ওয়ার্ল্ড থেকে এস এম আলিমুজ্জামানের মরদেহ নিয়ে স্বজনেরা বাংলাদেশের উদ্দেশে রওনা হন। ভারতীয় সময় ভোর ৬টার দিকে যাত্রা শুরুর পর সকাল ১০টার মধ্যে সীমান্তের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে তারা বাংলাদেশে প্রবেশ করেন।

অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আরেক বাসিন্দা রেবতী সরকারের শেষকৃত্য শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাতে কলকাতার ঐতিহ্যবাহী নিমতলা শ্মশানঘাটে সম্পন্ন করা হয়। পরিবারের ইচ্ছা অনুযায়ী সেখানেই তার শেষকৃত্য করা হয় বলে জানা গেছে।

এদিকে শনিবার দুপুর ১২টা ২৭ মিনিটে পিস ওয়ার্ল্ড থেকে আরও পাঁচজনের মরদেহ নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা হন স্বজনরা । তারা হলেন কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তার পরিবারের সদস্য আকরাম আলী (৭৪), আফসানা শারমীন (২৭), স্বর্ণাশীষ দত্ত (২) এবং সাভারের জোবায়ের বাবু (৩৭)।

স্বজনেরা জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে বেনাপোল সীমান্ত দিয়ে এসব মরদেহ দুপুর সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে বাংলাদেশে পৌঁছাতে পারে।

মরদেহগুলো নিয়ে স্বজনরা বাংলাদেশে ফেরার সময় পিস ওয়ার্ল্ডে উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মো. খালেদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রথম সচিব (কনস্যুলার) মো. জিল্লুর রহমান, দ্বিতীয় সচিব (রাজনৈতিক) ওমর ফারুক আকন্দসহ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ১৯ আগস্ট কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জন নিহত হন। তাদের মধ্যে সাতজন বাংলাদেশি ছিলেন। নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফেরাতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ