Views Bangladesh Logo

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের সৎকার ও দাফন সম্পন্ন

কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী আফসানা শারমীন, তিন বছর বয়সী ছেলে স্বর্ণশীষ দত্ত ও শ্বশুর আকরাম হোসেনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। প্রায় ৯১ ঘণ্টা পর শনিবার রাতে তাঁদের মরদেহ কুষ্টিয়ায় পৌঁছানোর পর ধর্মীয় রীতি অনুযায়ী সৎকার ও দাফন করা হয়।

শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চারজনের মরদেহ কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া বাহাদুর আলী বিশ্বাস সড়কের পারিবারিক বাসায় নেওয়া হয়। খবর পেয়ে সেখানে ছুটে আসেন স্বজন, প্রতিবেশী, সহকর্মী সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। একসঙ্গে চারটি মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। শোকাবহ হয়ে ওঠে পুরো এলাকা।

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, ধর্মীয় পরিচয় ও রীতি অনুসারে তাঁদের শেষ বিদায়ের ব্যবস্থা করা হয়। সাংবাদিক দেবাশীষ দত্ত ও তাঁর শিশুপুত্র স্বর্ণশীষ দত্তের মরদেহ কুষ্টিয়া কেন্দ্রীয় মহাশ্মশানে নেওয়া হয়। সেখানে হিন্দু ধর্মীয় রীতি মেনে তাঁদের সৎকার সম্পন্ন করা হয়।

অন্যদিকে দেবাশীষের স্ত্রী আফসানা শারমীন ও তাঁর বাবা আকরাম হোসেনের জানাজা অনুষ্ঠিত হয় কুষ্টিয়ার কুঠিপাড়ায় অবস্থিত উপজেলা মডেল মসজিদে। এতে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজা শেষে তাঁদের মরদেহ কুষ্টিয়া পৌর গোরস্থানে নিয়ে দাফন করা হয়।

কলকাতার ওই হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর দেবাশীষ দত্তসহ একই পরিবারের চারজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কুষ্টিয়ায় শোকের ছায়া নেমে আসে। দীর্ঘ অপেক্ষার পর মরদেহ দেশে পৌঁছানোর পর স্বজন ও স্থানীয়দের মধ্যে আবারও শোকের আবহ তৈরি হয়।

একই ঘটনায় পরিবারের চার সদস্যকে হারানোর ঘটনায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। সহকর্মী সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারাও তাঁদের শেষ বিদায়ে অংশ নিয়ে গভীর শোক প্রকাশ করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ