অভিনেতা রাহুলের মৃত্যু, অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা
কলকাতার অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুর প্রতিবাদে স্টুডিওপাড়ায় অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে আর্টিস্ট ফোরাম। শুটিংয়ের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।
গত রোববার বিকেলে টেকনিশিয়ানস স্টুডিওতে আর্টিস্ট ফোরামের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, কৌশিক সেন, রেশমী সেন, ইশা সাহা, দেবলীনা দত্ত, অঞ্জনা বসু, জীতু কামালসহ আরও অনেকে।
ফোরামের জেনারেল সেক্রেটারি শান্তিলাল মুখোপাধ্যায় বলেন, যাদের হাতে সুরক্ষাব্যবস্থার দায়িত্ব, তারা নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত কর্মবিরতি চলবে। আর্টিস্ট ফোরামের চার হাজার সদস্য এবং ফেডারেশনের সাত হাজার টেকনিশিয়ানসহ সকলের সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, রাহুলের চলে যাওয়া শিল্পের সঙ্গে যুক্ত সবাইকে একত্র করে দিয়েছে এবং নিরাপত্তার প্রশ্নটি নতুনভাবে সামনে এনেছে।
অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, এটি মানবিকতার লড়াই। রাহুলের জন্য এই লড়াই শেষ পর্যন্ত চালিয়ে যাওয়া হবে এবং ঘটনার সত্য উদ্ঘাটন করাই তাদের লক্ষ্য।
ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস জানান, কর্মবিরতি তাদের প্রথম পছন্দ নয়, তবে নিজেদের নিরাপত্তার স্বার্থে তারা বাধ্য হয়েছেন। মঙ্গলবার থেকে এই কর্মবিরতি কার্যকর হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ মার্চ তালসারিতে শুটিং চলাকালে সমুদ্রে ডুবে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে