২০২৭ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট ছাড়বেন কোহলি
আন্তর্জাতিক ক্রিকেটে নিজের শেষ অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর এখন শুধু ওয়ানডে খেলছেন তিনি। এবার আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে ক্যারিয়ারের শেষ বড় মঞ্চ হিসেবে দেখছেন এই ভারতীয় ব্যাটার।
২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর তিন সংস্করণেই দীর্ঘ সময় ধরে ধারাবাহিক পারফরম্যান্স করেছেন কোহলি। এখন পর্যন্ত ৫৬২ ম্যাচে তার সংগ্রহ ২৮ হাজার ৩৫৯ রান। ৮৫টি সেঞ্চুরি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন তিনি।
ভারতের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপসহ বিভিন্ন আন্তর্জাতিক শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কোহলি। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে টেস্ট ও টি-টোয়েন্টিকে বিদায় জানালেও ওয়ানডেতে এখনও দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি।
আগামী বছরের ৪ থেকে ২১ অক্টোবর দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হওয়ার কথা ওয়ানডে বিশ্বকাপ। সেই আসরেই ভারতের হয়ে শেষবার বিশ্বকাপে মাঠে নামার ইচ্ছার কথা জানিয়েছেন কোহলি। তার ভাষায়, ভিন্ন কন্ডিশনে অনুষ্ঠেয় এই বিশ্বকাপ শরীর ও মনের জন্য বাড়তি চ্যালেঞ্জ হলেও সেটিই তাকে নিজের সেরাটা দেওয়ার অনুপ্রেরণা দিচ্ছে।
২০২৩ সালের সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন কোহলি। আসরে ৭৬৫ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি। এবারও ৫০ ওভারের বিশ্বকাপের শারীরিক ও মানসিক চাপের কথা তুলে ধরে কোহলি বলেছেন, টানা প্রায় ১০ ম্যাচে একই ধরনের তীব্রতা ধরে রাখা একজন ক্রিকেটারের জন্য বড় পরীক্ষা।
বিশ্বকাপে এখন পর্যন্ত ৩৭ ম্যাচ খেলেছেন কোহলি। ৩৭ ইনিংসে ৫৯.৮৩ গড়ে তার সংগ্রহ ১ হাজার ৭৯৫ রান। রয়েছে পাঁচটি সেঞ্চুরি ও ১২টি ফিফটি। ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক শচীন টেন্ডুলকারের ২ হাজার ২৭৮ রান ছাড়িয়ে যেতে কোহলির প্রয়োজন আরও ৪৮৪ রান।
শেষ বিশ্বকাপের লক্ষ্য নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন কোহলি। জানিয়েছেন, বিশ্বকাপ জেতাই তার প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজনীয় সবকিছু করার জন্য তিনি প্রস্তুত বলেও জানিয়েছেন ভারতের এই তারকা ব্যাটার।
মতামত দিন