Views Bangladesh Logo

১৬ বছর পর আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূরের বরখাস্তের আদেশ বাতিল

প্রায় সাড়ে ১৬ বছর পর আলোচিত পুলিশ কর্মকর্তা মো. কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল করেছে সরকার। একই সঙ্গে বরখাস্তকালীন সময়কে চাকরিকাল হিসেবে গণ্য করে তাকে সব বকেয়া বেতন-ভাতা ও প্রাপ্য সুযোগ-সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার জারি করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস ১২ ব্যাচের এই কর্মকর্তার ‘বরখাস্তকরণ’ গুরুদণ্ড পুনর্বিবেচনার আবেদন রাষ্ট্রপতি মঞ্জুর করেছেন। ফলে তার বরখাস্তের আদেশ অবিলম্বে কার্যকরভাবে বাতিল হলো এবং তিনি পুলিশে চাকরি ফিরে পেলেন।

মো. কোহিনূর মিয়া সর্বশেষ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) হিসেবে কর্মরত ছিলেন। ২০০৯ সালের ৪ অক্টোবর আওয়ামী লীগ সরকারের আমলে তাকে বরখাস্ত করা হয়।

বিএনপি জোট সরকারের সময় ২০০২ সালের ২৩ জুলাই গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে আন্দোলনরত ছাত্রীদের ওপর পুলিশের অভিযানের ঘটনায় প্রথম আলোচনায় আসেন কোহিনূর মিয়া। ওই ঘটনায় পুলিশ হলের ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে এবং তা নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

পরে ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) থাকা অবস্থায় একটি জোড়া খুনের মামলায় তাকে আসামি করা হয়।

২০০৪ সালের ৫ মে ময়মনসিংহের নান্দাইলে পৌর নির্বাচনের সময় সংঘর্ষে সুজন ও আবু তাহের নামে দুজন নিহত হন। এ ঘটনায় প্রথমে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা হয় এবং তিন দফা চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ।

২০০৭ সালে পরাজিত প্রার্থী আওয়ামী লীগ নেতা রফিক উদ্দিন ভূঁইয়া আদালতে নতুন করে মামলা করলে তৎকালীন এসপি কোহিনূর মিয়াসহ ছয়জনকে আসামি করা হয়। পরে আদালতের নির্দেশে মামলাটি পুনঃতদন্ত হয় এবং পরবর্তীতে তদন্তের দায়িত্ব পায় সিআইডি।

২০১১ সালে সিআইডি কোহিনূর মিয়া ও সাবেক পৌর মেয়র আব্দুস ছাত্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

দীর্ঘ ২০ বছর ৬ মাস পর আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ২৪ নভেম্বর ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক সাবরিনা আলী তাদের খালাস দেন। এর ফলে তার বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলাগুলো থেকে তিনি অব্যাহতি পান।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যেসব অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছিল, একই অভিযোগে দায়ের হওয়া ফৌজদারি মামলায় আদালত তাকে নির্দোষ ঘোষণা করেছে। রাষ্ট্রপতির অনুমোদনের পর তার ওপর আরোপিত ‘চাকরি হতে বরখাস্তকরণ’ গুরুদণ্ডাদেশ বাতিল করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ