বরখাস্তের ১৫ বছর পর সেই কোহিনূর মিয়ার পদোন্নতি
সরকার দেড় দশক আগে চাকরি থেকে বরখাস্ত হওয়া পুলিশের সাবেক কর্মকর্তা মো. কোহিনূর মিয়াকে ভূতাপেক্ষভাবে অতিরিক্ত উপমহাপরিদর্শক পদে পদোন্নতি দিয়েছে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে গত ৯ মার্চ সরকার তাঁর বরখাস্তকালকে চাকরিকাল হিসেবে গণ্য করে সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেয়।
প্রজ্ঞাপনে বলা হয়, দুটি বিভাগীয় মামলায় কোহিনূর মিয়াকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। তবে একই অভিযোগে দায়ের হওয়া ফৌজদারি মামলাগুলোতে আদালত তাঁকে নির্দোষ ঘোষণা করে খালাস দেন। পরে তাঁর দণ্ড পুনর্বিবেচনার আবেদন রাষ্ট্রপতি মঞ্জুর করায় বরখাস্তের আদেশ বাতিল করা হয়।
এতে তাঁর বরখাস্তকাল চাকরিকাল হিসেবে গণ্য করা হয়েছে এবং তিনি বিধিমোতাবেক বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি তৎকালীন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পশ্চিম অঞ্চলের উপকমিশনার (ডিসি) পদে থাকা অবস্থায় কোহিনূর মিয়াকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
বিসিএস ১২তম ব্যাচের কর্মকর্তা কোহিনূর মিয়ার বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলায়। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় তিনি প্রভাবশালী পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন।
২০০৬ সালে ধানমন্ডিতে এক নারীকে পুলিশি নির্যাতনের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর আদালত ওই মামলায় তাঁকে খালাস দেন। এছাড়া ২০০৪ সালে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় নির্বাচনী সহিংসতায় দুইজন নিহত হওয়ার ঘটনায় করা মামলাতেও তিনি শেষ পর্যন্ত অভিযোগ থেকে অব্যাহতি পান।
দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতে নির্দোষ প্রমাণিত হওয়ায় সরকার তাঁর বিরুদ্ধে দেওয়া প্রশাসনিক শাস্তিও বাতিল করে এবং পদোন্নতি প্রদান করে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে