Views Bangladesh Logo

২২ বছর পর নবম সিজনেই শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’

বলিউডের অন্যতম জনপ্রিয় সেলিব্রিটি টক শো ‘কফি উইথ করণ’-এর দীর্ঘ পথচলায় এবার আসতে যাচ্ছে ইতি। প্রায় ২২ বছর ধরে দর্শকদের বিনোদন দেওয়া অনুষ্ঠানটির নবম সিজনই শেষ সিজন হতে যাচ্ছে বলে জানিয়েছেন এর সঞ্চালক ও নির্মাতা করণ জোহর।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় নিজেই এ ঘোষণা দেন করণ। বিদায়ের সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, কিছু যাত্রার সমাপ্তি পরিকল্পনা করে হয় না। তবে একসময় মনে হয়, বিদায় জানানোর এটাই উপযুক্ত সময়। তাঁর ভাষায়, বিদায় বলা আবেগের হলেও এখনই সেই সময় এসেছে।

শেষ সিজন নিয়ে নিজের পরিকল্পনার কথাও জানিয়েছেন করণ। তিনি বলেন, এই মৌসুমে তাঁর মূল লক্ষ্য থাকবে কৃতজ্ঞতা ও ভালোবাসা নিয়ে শেষবারের মতো সেই সব তারকার সঙ্গে কফির আড্ডায় বসা, যাঁদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আজকের অবস্থানে পৌঁছেছে।

‘কফি উইথ করণ’-এর শুরুর দিনগুলোর স্মৃতিও ফিরে দেখেছেন করণ। ২০০৪ সালে তাঁর বাবা ও প্রযোজক যশ জোহরের সঙ্গে অনুষ্ঠানটি নিয়ে প্রথম আলোচনা করেছিলেন তিনি। পরিকল্পনাটি ছিল দুজন তারকাকে মুখোমুখি বসিয়ে তাঁদের ব্যক্তিগত জীবন, ক্যারিয়ার ও নানা বিষয় নিয়ে খোলামেলা আড্ডা দেওয়া। তবে ছেলের পরিকল্পনা শুনে যশ জোহর মজা করে প্রশ্ন করেছিলেন, শুধু বন্ধুদের এনে গল্প করালে এর জন্য কে টাকা দেবে?

দীর্ঘ পথচলায় অনুষ্ঠানটি বলিউডের তারকাদের আড্ডার অন্যতম পরিচিত মঞ্চে পরিণত হয়েছে। ২০০৪ সালে যাত্রা শুরু করা ‘কফি উইথ করণ’ এরই মধ্যে আটটি সিজনে ১৬১টি পর্ব প্রচার করেছে।

দর্শকদের জন্য শেষবারের মতো তারকাদের আড্ডা নিয়ে হাজির হতে যাচ্ছে নবম সিজন। আগামী ১৪ অক্টোবর থেকে জিও হটস্টারে ‘কফি উইথ করণ সিজন ৯’-এর স্ট্রিমিং শুরু হবে। এই সিজনের মধ্য দিয়েই শেষ হবে অনুষ্ঠানটির ২২ বছরের যাত্রা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ