Views Bangladesh Logo

খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

খুলনায় ছিনতাইকারীদের হামলায় এক পুলিশ পরিদর্শক গুরুতর আহত হওয়ার পর রাতে একা চলাচল না করতে সদস্যদের নির্দেশ দিয়েছে জেলা পুলিশ। বিশেষ অভিযানসহ বিভিন্ন দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে জেলা পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপারের স্বাক্ষরে এ-সংক্রান্ত একটি দাপ্তরিক চিঠি জারি করা হয়। চিঠির অনুলিপি জেলা পুলিশের সংশ্লিষ্ট সব দপ্তর ও থানায় পাঠানো হয়েছে।

নির্দেশনাপত্রে বলা হয়েছে, চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে খুলনার রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান চলছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনাও ঘটছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিশেষ অভিযানসহ অন্যান্য দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের নিরাপত্তার স্বার্থে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউনিট ইনচার্জদের বলা হয়েছে।

খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে রূপসা থানায় বিশেষ অভিযান শেষে ফেরি পার হয়ে ফেরার পথে এক পুলিশ পরিদর্শক ছিনতাইকারীদের হামলার শিকার হন। তিনি রিকশায় করে বাসায় ফিরছিলেন। এ সময় তাঁর কাছে দুটি মুঠোফোন ও একটি মানিব্যাগ ছিল। খুলনা কলেজিয়েট গার্লস স্কুলের সামনে ছিনতাইকারীরা তাঁর ওপর হামলা চালায়। তিনি সাদাপোশাকে ছিলেন। হামলার সময় তিনি বাধা দেওয়ার চেষ্টা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকায় পাঠানো হয়। তিনি এখনো রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সুপার বলেন, ওই ঘটনার পর জেলা পুলিশের প্রতিটি সদস্যের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে রাতে একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দায়িত্ব পালন শেষে কোনো সদস্য যাতে ছিনতাইকারীদের কবলে না পড়েন, সে জন্যই এ সতর্কতামূলক নির্দেশনা।

নির্দেশনার কারণে পুলিশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের বার্তা যাচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে সরকার ওমর ফারুক বলেন, এটি পুলিশের অভ্যন্তরীণ চিঠি। কোনো সদস্য যাতে ছিনতাইকারীদের কবলে না পড়েন, মূলত সে কারণেই নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে খুলনা নগরের খানজাহান আলী রোডে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে পুলিশ পরিদর্শক শাহ আলম (৪৩) ছিনতাইকারীদের হামলার শিকার হন। রূপসা উপজেলায় বিশেষ অভিযান শেষে রিকশায় করে নগরে ফেরার পথে তিন ছিনতাইকারী তাঁর পথ আটকায়। তারা তার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। বাধা দিলে ধারালো চাপাতি দিয়ে তাঁর দুই হাতের কবজিতে কোপ দেয়। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।

এর আগে অপরাধী গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে গত মঙ্গলবার রাত থেকে খুলনা জেলা পুলিশ বিশেষ অভিযান শুরু করে। গত সোমবার রূপসায় ছেলে জয় ঢালী হত্যার দেড় মাস পর তাঁর বাবা আক্তার ঢালীকে গুলি করে হত্যা করা হয়। একই দিন দিঘলিয়ার ফরমাইশখানা এলাকায় একটি চায়ের দোকানে গুলি করে আরেক ব্যক্তিকে হত্যা করা হয়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই জেলায় বিশেষ অভিযান শুরু করে পুলিশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ