ছাত্র আন্দোলনে আহত খোকনকে রাশিয়ায় নেয়া হচ্ছে
ছাত্র-জনতার আন্দোলনে গুরুতর আহত খোকনকে উন্নত চিকিৎসার জন্য রাশিয়ায় পাঠানো হচ্ছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ৫ আগস্ট দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে গুলিবিদ্ধ হন খোকন চন্দ্র বর্মণ। গুলিতে তার মুখের একটি বড় অংশ হাড়সহ নষ্ট হয়ে যায়। খোকন চন্দ্র বর্মণের ওপরের ঠোঁট, মাড়ি, নাক, তালু—এগুলোর এখন আর কোনো অস্তিত্ব নেই।
আঘাতের ধরন গুরুতর ও আহত খোকনের মুখ পুনর্গঠনের প্রক্রিয়াটি বেশ জটিল হওয়ায় পৃথিবীর বিভিন্ন দেশে যোগাযোগ করা হয়। বিষয়টি নিয়ে অনেক দেশ অপারগতা দেখায়। অবশেষে রাশিয়ার রাজধানী মস্কোর ইউনিভার্সিটি ক্লিনিক অব লোমোনোসোভ হাসপাতাল খোকনের মুখ পুনর্গঠনের চ্যালেঞ্জটি নিতে সম্মত হয়েছে।
তারই প্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকগণের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, রাশিয়ায় প্রশিক্ষিত সার্জন ডা. মো. মাহমুদুল হাসানসহ আগামীকাল ২১ শে ফেব্রুয়ারি ভোররাতে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে খোকন চন্দ্র বর্মণকে উন্নত চিকিৎসার জন্য রাশিয়া পাঠানো হবে।
তাকে প্রাথমিকভাবে ওই হাসপাতালে প্রাক মূল্যায়ন করা হবে এবং থ্রি-ডি অ্যানিমেশনের মাধ্যমে তার চেহারাকে পূর্বের অবস্থায় ফেরত আনার জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে একটি মডেল দ্বার করানো হবে। মডেল অনুযায়ী চেহারা পুনর্গঠনের জন্য মূল সার্জারি মার্চ মাসের ২০ তারিখ বা তার কাছাকাছি সময়ে শুরু হবে।
মন্ত্রণালয় জানায়, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে কর্মকাণ্ড অব্যাহত আছে, তারই ধারাবাহিকতায় ইতোমধ্যে ৩৮ জন আহতকে সিঙ্গাপুর ও থাইল্যান্ডে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ইতোমধ্যে আহতদের মধ্যে ৩ জন চিকিৎসা শেষে ফিরে এসেছেন। এছাড়া বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুযায়ী আহতদের মধ্যে যাদের উন্নত চিকিৎসা প্রয়োজন তাদের বিদেশে পাঠানোর প্রক্রিয়া চলমান আছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে