খানজাহান আলী মাজারের কুমির ঠাঁই পেল খুলনা পুনর্বাসন কেন্দ্রে
বাগেরহাটের ঐতিহাসিক হজরত খানজাহান আলী (রহ.) মাজারসংলগ্ন দিঘি থেকে উদ্ধার করা কুমিরটিকে খুলনা বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। আজ বুধবার দুপুরে কুমিরটিকে সেখানে নেওয়া হয়।
খুলনা বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) নির্মল কুমার পাল জানান, পর্যবেক্ষণের জন্য দুপুর সোয়া ১টার দিকে কুমিরটিকে কেন্দ্রে আনা হয়। তিনি বলেন, বন অধিদপ্তর, পুনর্বাসন কেন্দ্র ও করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের একটি যৌথ দল বাগেরহাট জেলা প্রশাসনের সহায়তায় দুপুর সোয়া ১২টার দিকে কুমিরটি উদ্ধার করে খুলনায় পাঠায়।
ডিএফও আরও জানান, কেন্দ্রে চার থেকে সাত দিন নিবিড় পর্যবেক্ষণের পর কুমিরটিকে কোথায় রাখা হবে, সে বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। হস্তান্তরের সময় খুলনার বন সংরক্ষক ইমরান খান, বন অধিদপ্তরের কর্মকর্তা ও বাগেরহাট জেলা প্রশাসনের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পশ্চিম সুন্দরবন বিভাগের ডিএফও রেজাউল করিম চৌধুরী বলেন, বন কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল আজ সকালে কুমিরটি উদ্ধার করে খুলনায় পাঠিয়েছে। দলটি কুমিরটির আচরণ ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি এর ব্যবস্থাপনা ও স্থায়ী আবাস নির্ধারণে প্রয়োজনীয় কারিগরি দিকগুলো মূল্যায়ন করবে বলে তিনি জানান।
এর আগে দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তার কথা বিবেচনায় কুমিরটিকে দিঘি থেকে সরানোর সিদ্ধান্ত নেয় বাগেরহাট জেলা প্রশাসন। গত মঙ্গলবার রাত ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়, যেখানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। সভা শেষে তিনি জানান, সাম্প্রতিক মর্মান্তিক ঘটনার পর মাজার এলাকায় দর্শনার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং কুমিরটি সরানোর পাশাপাশি এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হচ্ছে।
উল্লেখ্য, গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে মাজারসংলগ্ন দিঘিতে গোসল করতে নেমে কুমিরের আক্রমণের শিকার হয় সাত বছর বয়সী শিশু ফাতেমা আক্তার। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কুমিরটি তার পা ধরে পানির নিচে টেনে নিয়ে যায়। পরদিন মঙ্গলবার ভোরে দিঘির মহিলা ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে