খলিলুর রহমানের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাক্ষাৎ
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার দুই মন্ত্রী একে অপরকে শুভেচ্ছা জানান। একই অনুষ্ঠানে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাথের সঙ্গেও দেখা করেন জয়শঙ্কর।
এর আগে বুধবার (২২ জুলাই) ম্যানিলায় ব্যস্ত একটি দিন কাটান খলিলুর রহমান। এদিন তিনি যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক পৃথক সাক্ষাৎ করেন। এর মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী (সেক্রেটারি অব স্টেট) মার্কো রুবিও, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এসব সাক্ষাতে খলিলুর রহমান স্পষ্ট করে জানান, বৈদেশিক সম্পর্ক পরিচালনায় বাংলাদেশের মূল দিকনির্দেশক হবে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি।
কূটনৈতিক সূত্র জানায়, বুধবারের এই আলোচনাগুলোয় অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বৈশ্বিক ইস্যু নিয়ে কথা হয়।
খলিলুর রহমান ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার সৌহার্দ্য ও সহযোগিতা চুক্তির ৫০তম বার্ষিকীতে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। নিউইয়র্কে কর্মব্যস্ততা শেষে তিনি ম্যানিলায় পৌঁছান এবং ২২ থেকে ২৪ জুলাই পর্যন্ত সেখানে অবস্থান করছেন।
মতামত দিন