তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেবেন খালেদা জিয়া
তারেক রহমানের লন্ডনের কিংস্টসের বাসায় রেখে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
যুক্তরাজ্যের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টা) দ্য ক্লিনিকের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। এ সময় অন্যান্য চিকিৎসক ও যুক্তরাজ্য বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
জাহিদ হোসেন বলেন, ‘শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া। বাসায় গেলেও ডা. প্যাট্রিক ক্যানেডি ও ডা. জেনিফার ক্রসের তত্বাবধানে তার চিকিৎসা চলবে।’
খালেদা জিয়ার এই ব্যক্তিগত চিকিৎসক বলেন, ‘বাসায় থেকে তিনি যেন চিকিৎসা নিতে পারেন, সেজন্য চিকিৎসক ও নার্সদের যেন সুবিধা হয় সেই প্রস্তুতি নেয়া হয়েছে।’
তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ‘এভাবে উন্নতি হতে থাকলে দ্রুত দেশে ফিরবেন খালেদা জিয়া। লিভার ট্রান্সপ্ল্যান্টের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ওষুধের মাধ্যমে চিকিৎসা চলমান থাকবে।’
প্রসঙ্গত, উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ বিমানযোগে গত ৮ জানুয়ারি লন্ডনে পৌঁছান খালেদা জিয়া। ওই দিনই লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে সরাসরি তাকে বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানেই তিনি অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন আছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে