Views Bangladesh Logo

অস্বাভাবিক পরিস্থিতির শিকার হয়েই বেগম জিয়া আজকের অবস্থায় পৌঁছেছেন: মির্জা আব্বাস

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাম্প্রতিক অসুস্থতা স্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার দাবি, ‘অস্বাভাবিক পরিস্থিতির শিকার’ হয়েই বেগম জিয়া আজকের অবস্থায় পৌঁছেছেন।

শনিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা–২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, তিনি সবসময় সতর্ক ছিলেন, বিশেষ করে কারা কর্মকর্তাদের বিষয়ে। তার অভিযোগ, কারাগারে ‘স্লো পয়জন’ দেওয়ার ঝুঁকি থাকে। তিনি বলেন, এক ভারতীয় সাংবাদিক একসময় তাকে বলেছিলেন- 'উনি দুই বছর বাঁচবেন না'- যার পর তিনি বুঝতে পারেন, ‘এভাবে পরিকল্পিতভাবেই’ ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তবে আল্লাহর রহমতে এখনো খালেদা জিয়া জীবিত আছেন বলে মন্তব্য করেন তিনি।

তিনি জানান, শুক্রবার রাত ১টার দিকে তিনি হাসপাতালে গিয়ে খালেদা জিয়াকে দেখেছেন এবং প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করেছেন। মির্জা আব্বাস বলেন, আজকের সর্বশেষ তথ্যে তিনি আগের তুলনায় কিছুটা উন্নতির দিকে আছেন বলে জানা গেছে। তিনি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন।

নির্বাচন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, দেশের বাইরে থাকা কিছু মহল ষড়যন্ত্র করে আসছে। তারা বহু বছর দেশকে শোষণ করেছে এবং দেশটিকে বিপর্যস্ত অবস্থায় রেখে এখন বিদেশে বসে মন্তব্য করছেন- আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। তিনি পাল্টা প্রশ্ন তোলেন, বিএনপিকে বাদ দিয়ে তো নির্বাচনের উদাহরণ রয়েছে। তার মতে, নির্বাচন বাংলাদেশেই হবে এবং ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, সাবেক সভাপতি এ বি এম রফিকুর রহমান, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, প্রদর্শনী–২০২৫ এর আহ্বায়ক নাসিম শিকদার ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম।

রূপসী বাংলা–২০২৫ আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম হয়েছেন চট্টগ্রামের এম হায়দার আলী, দ্বিতীয় ঢাকার শামসুল হক রিপন এবং তৃতীয় হয়েছেন চট্টগ্রামের এম রাশেদ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ