খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল
বিএনপির সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদে দলীয় মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা দলকে সবসময় পথ দেখিয়ে চলেছে।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা একজন নেত্রী। তাঁর নেতৃত্ব ও দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে দেশে বারবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে গেছে। একইসঙ্গে বাংলাদেশের সমৃদ্ধির জন্যও তিনি সংগ্রাম করেছেন।
তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি আজ যে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে অবস্থান তৈরি করেছে, এর পেছনে খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর আদর্শকে সামনে রেখে বিএনপিকে আরও শক্তিশালী করার কথাও বলেন তিনি।
বিএনপিকে আধুনিক ও গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার জন্মদিনে দলের নেতাকর্মীদের একটি শপথ নেওয়া উচিত। বিএনপিকে এমন একটি আধুনিক গণতান্ত্রিক দল হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে, যা কার্যকরভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে।
তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করায় জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে। খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’ এবং পরবর্তী সময়ে দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে আগামী দিনগুলোতে কাজ করতে হবে। একইসঙ্গে দলকে আরও শক্তিশালী করার পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ড. আব্দুল মঈন খান বক্তব্য দেন। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সদস্যসচিব মাওলানা আবুল হোসেইন।
মতামত দিন