খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানো হবে: ফখরুল
খালেদা জিয়াকে খুব শিগগিরই চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২০ নভেম্বর) ফেনীর ফুলগাজীতে খালেদা জিয়ার বাড়ির সামনে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এ কথা বলেন।
অনুষ্ঠানে বন্যা কবলিত শিক্ষার্থী ও জনগণের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ করা হয়।
ফখরুল বলেন, খালেদা জিয়া খুবই অসুস্থ। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তারা তাকে মিথ্যা মামলায় কারাগারে রেখেছিল। তাকে ছোট একটি স্যাঁতসেঁতে সেলে রাখা হয়েছিল। সে কারণে তার স্বাস্থ্যের মারাত্মক অবনতি হয়েছে।
জনগণের গণতান্ত্রিক অধিকারের জন্য খালেদা জিয়ার সারা জীবন লড়াইয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, কে রাজনীতি করবে তার সিদ্ধান্ত জনগণকেই নিতে হবে। রাজনৈতিক দল হিসেবে বিএনপি কাউকে রাজনৈতিক অংশগ্রহণ থেকে বিরত রাখতে পারে না।
তিনি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে লুটপাট ও হত্যাকাণ্ডের অভিযোগও তুলে ধরেন। বলেন, শেখ হাসিনাসহ দায়ীদের দেশে ফিরিয়ে আনতে হবে, জবাবদিহি করতে হবে এবং শাস্তি দিতে হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে