মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া
মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ২১ ডিসেম্বর রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযোদ্ধা দলের আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘ ছয় বছর পর এটি হবে তাঁর প্রথম কোনো জনসমাবেশে অংশগ্রহণ।
বিএনপির সূত্রে জানা গেছে, শনিবার (১৪ ডিসেম্বর) গুলশানের বাসভবনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন দলের স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। এ সময় তারা তাঁকে প্রধান অতিথি হিসেবে সমাবেশে অংশ নেয়ার আমন্ত্রণ জানান। পক্ষান্তরে তিনিও প্রাথমিকভাবে সমাবেশে উপস্থিত থাকার সম্মতি দেন।
এই বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আল্লাহ ম্যাডামকে শারীরিকভাবে সুস্থ রাখলে তিনি সমাবেশে যেতে পারেন।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির সাবেক এক ছাত্র নেতা বলেন, এই সমাবেশে অংশ নেয়ার মাধ্যমে রাজনীতিতে ম্যাডাম খালেদা জিয়া আবার রাজনীতিতে ফিরে আসছেন সেই বার্তা দেয়া হচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিনরাত পরিশ্রম করে দলকে সুসংগঠিত করছেন। এখন ম্যাডামও রাজনীতিতে ফিরে এলে দল আরও বেশি চাঙা হবে।
খালেদা জিয়া ২০১৮ সালে দুদকের মামলায় কারাবন্দি হন। পরে ২০২০ সালে করোনা মহামারির মধ্যে বিগত সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে মুক্তি পান তিনি। শর্ত অনুযায়ী, রাজনীতি বা দেশের বাইরে যেতে পারবেন না খালেদা জিয়া। মুক্তির পর থেকে তিনি কার্যত গৃহবন্দি জীবনযাপন করেন এবং গুরুতর অসুস্থতার কারণে কয়েকবার তাকে হাসপাতালেও ভর্তি হতে হয়।
গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সর্বশেষ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেন খালেদা জিয়া। এবার বিজয় দিবসের মুক্তিযোদ্ধা সমাবেশে তার অংশগ্রহণকে বিএনপির নেতাকর্মীরা দলের জন্য নতুন উজ্জীবনের উপলক্ষ্য হিসেবে দেখছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে