Views Bangladesh Logo

হাসপাতালে ভর্তি ফরিদা পারভীনের খোঁজ নিলেন খালেদা জিয়া

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন প্রখ্যাত লালনসংগীত শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে হাসপাতালে পাঠিয়ে শিল্পীর খোঁজ নেন তিনি।

শুক্রবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে জানান, খালেদা জিয়া ফরিদা পারভীনের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং তার উন্নত চিকিৎসার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।

শ্বাসকষ্টজনিত জটিলতা নিয়ে ফরিদা পারভীন রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ৫ জুলাই তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়, যেখানে তিনি এখনো চিকিৎসাধীন।

৮ জুলাই শিল্পীর স্বামী ও একুশে পদকপ্রাপ্ত বংশীবাদক গাজী আবদুল হাকিম জানান, ফরিদা পারভীনের শারীরিক অবস্থা ভালো নয়। আগের দিন তার মস্তিষ্কে রক্তক্ষরণের মতো উপসর্গ দেখা দেয় এবং তিনি কথা বলাও বন্ধ করে দেন। বর্তমানে অবস্থা কিছুটা উন্নতি হলেও এখনো সংকট কাটেনি।

প্রসঙ্গত, নজরুলসংগীত দিয়ে সংগীতজীবন শুরু করলেও সাধক মোকসেদ আলী শাহর কাছ থেকে তালিম নিয়ে ফরিদা পারভীন লালনসংগীতে বিশেষ খ্যাতি অর্জন করেন। সংগীতে অসাধারণ অবদানের জন্য ১৯৮৭ সালে তাকে একুশে পদকে ভূষিত করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ