খালেদা জিয়া সুস্থ আছেন, তিনি নির্বাচন করবেন: আবদুল আউয়াল মিন্টু
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে সুস্থ আছেন এবং তিনি আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
বুধবার (৩০ জুলাই) দুপুরে ফেনীর গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মিন্টু বলেন, খালেদা জিয়া এখন সুস্থ আছেন। নির্বাচনে অংশ নিতে তার কোনো শারীরিক জটিলতা নেই। ফেনীর জনগণ বিএনপির সঙ্গে আছে। যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, ইনশাআল্লাহ ফেনী আসনে বিএনপি বিজয়ী হবে। আমাদের নেত্রীও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তিনি বলেন, ফেনীর নির্বাচনী ইতিহাস সবারই জানা। এ অঞ্চলে বিএনপি সবসময়ই জনপ্রিয়। জনগণ পরিবর্তন চায়, আর সে পরিবর্তনের নেতৃত্ব দেবেন খালেদা জিয়া।
নির্বাচনকাল ও তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গে মিন্টু বলেন, লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি যৌথ বিবৃতি দেয়া হয়েছে। আশা করছি, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে জানুয়ারিতেও তা এগিয়ে আসতে পারে।
তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের বিষয়ে একটি মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। যদি আদালত এ ব্যবস্থাকে পুনর্বহাল করেন, তবে অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করবে এবং ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা থাকবে।
বিএনপির নির্বাচনী প্রস্তুতিকে হঠাৎ নেয়া সিদ্ধান্ত বলে কেউ কেউ যেভাবে উপস্থাপন করছেন, তা অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেন মিন্টু। তিনি বলেন, আমরা ২০০৬ সাল থেকেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে আসছি। ১৯ বছর ধরে আমরা সংগ্রাম করছি। দমন-পীড়নের মধ্যেও আমরা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছি।
তিনি অভিযোগ করেন, ২০০৮ সালের নির্বাচন ছিল প্রহসনের। এরপর আর কোনো নির্বাচনকালীন সরকার গঠিত হয়নি। ফলে বিগত দুই দশকে জনগণের ভোটাধিকার, জবাবদিহিমূলক সরকার ও আর্থসামাজিক অগ্রগতি কিছুই নিশ্চিত হয়নি।
বক্তব্যের এক পর্যায়ে মিন্টু বলেন, বিএনপি চায় একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সরকার, যা জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাবে। সেই লক্ষ্যে আমরা প্রস্তুত। নির্বাচন হলে, জনগণের রায়েই বিএনপি আবার রাষ্ট্রক্ষমতায় ফিরবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে