হত্যাচেষ্টা মামলায় অব্যাহতি পেলেন খালেদা জিয়া
সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মিছিলে হামলা ও হত্যাচেষ্টা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ২৬ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।
বুধবার (৪ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাদের মামলার দায় থেকে অব্যাহতি দেন।
গত ১৩ নভেম্বর ঘটনার সঙ্গে জড়িত থাকার সাক্ষ্য-প্রমাণ না পেয়ে এজাহারনামীয় খালেদা জিয়াসহ ১৪ জন ও তদন্ত প্রাপ্ত আরও ১২ জনসহ মোট ২৬ জনকে অব্যাহতির আবেদন করে চূড়ান্ত প্রতিবেদন দেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আব্দুস সোবহান।
অব্যাহতিপ্রাপ্ত উল্লেখযোগ্যরা হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন উদ্দিন, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা, বিএনপি নেতা খন্দকার মাহবুবুর রহমান (মৃত) ও অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা পরিষদ বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের জন্য গুলশানে সমবেত হয়। সেখানে সমাবেশ শেষে ২০ থেকে ৩০ হাজার সাধারণ মানুষ সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও করার জন্য রওনা হলে আসামিরা হত্যার উদ্দেশ্যে তাদের ওপর বোমা নিক্ষেপ করেন।
এ ঘটনায় ঢাকা যানবাহন ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে