খালেদা জিয়াসহ ছয় নারী পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ছয় নারী আজ ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরষ্কার পেয়েছেন।
রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। খালেদা জিয়ার পক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন তার নাতনি, প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। খালেদা জিয়াকে নারী শিক্ষা ও গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের জন্য মরণোত্তর এই পুরস্কার দেওয়া হয়েছে।
অন্যান্য পুরস্কারপ্রাপ্তরা হলেন: ‘অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে নুরুন নাহার আক্তার, ‘শিক্ষা ও চাকুরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন, ‘সফল জননী নারী’ ক্যাটাগরিতে নুরবানু কবীর, ‘নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী’ ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম ও ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী’ ক্যাটাগরিতে মোছা. আফরোজা ইয়াসমিন।
মন্ত্রণালয় জানিয়েছে, এই পুরস্কার দেশের নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ বাড়াতে সহায়ক এবং নারীর সংগ্রাম ও নেতৃত্বের গল্পকে জনসমক্ষে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে