দেশে ফিরলেন খালেদা জিয়া
দীর্ঘ চার মাস পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৩৮ মিনিটে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ বিমানটি (এয়ার অ্যাম্বুলেন্স) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন গণমাধ্যমকে জানান, বিএনপি চেয়ারপারসনকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যথাসময়ে অবতরণ করেছে।
বিমানবন্দর থেকে বেরিয়ে গুলশানের ফিরোজা বাসভবনে যাওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসনের। তাকে স্বাগত জানাতে আজ সকাল থেকেই বিমানবন্দরে প্রবেশের দুইটি গেটে ও বাইরের সড়কে জড়ো হয় বিএনপি নেতাকর্মীরা।
এদিকে নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দর এলাকায় বাড়তি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেখানে দায়িত্ব পালন করছে সেনাবাহিনীও ।
প্রসঙ্গত, সোমবার (৫ মে) বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেয়।
এর আগে উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে