হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া
প্রায় ৫ মাস চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকেল ৫টার পরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তাঁর গুলশানের বাসভবন ফিরোজায় ফেরেন।
গত বছরের ৯ আগস্ট অসুস্থতা বাড়ায়, এভারকেয়ার হাসপাতাল ভর্তি করা হয় খালেদা জিয়াকে। ৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী আথ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসহ নানা রোগে ভুগছেন।
এরপর থেকে এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসা চলছিল।
এরআগে, বুধবার এভারকেয়ার হাসপাতালে দীর্ঘ সময় ধরে চিকিৎসাধীন খালেদা জিয়াকে মেডিকেল বোর্ডের পরামর্শে সাময়িকভাবে বাসায় যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ সময় জানিয়েছিলেন, মেডিকেল বোর্ডের পরামর্শে এই সাময়িক সিদ্ধান্ত। গুলশানের বাসায় মেডিকেল বোর্ডের অধীনেই তার চিকিৎসার সব প্রস্তুতি নেয়া হয়েছে।
এদিকে গত বছরের ২৬ অক্টোবর তিনজন মার্কিন বিশেষজ্ঞ চিকিৎসক খালেদা জিয়ার পাকস্থলী ও বুকে জমে থাকা পানি এবং লিভারে রক্তপাত বন্ধ করতে ট্রান্সজুগুলার ইন্ট্রাহেপ্যাটিক পোর্টোসিস্টেমিক শান্ট (টিআইপিএস পদ্ধতি) নামে পরিচিত হেপাটিক প্রক্রিয়া সম্পন্ন করেন। জনস হপকিন্স ইউনিভার্সিটির স্কুল অফ মেডিসিনের মার্কিন চিকিৎসক - হামিদ রাব, ক্রিস্টোস জর্জিয়াডেস এবং জেমস পিএ হ্যামিল্টন ২৫ অক্টোবর বাংলাদেশে এসেছিলেন। সেসময় তারা খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা এবং পরীক্ষার রিপোর্ট মূল্যায়ন করে এ প্রক্রিয়া সম্পূর্ণ করেন।
অন্যদিকে ২০২১ সালের নভেম্বরে খালেদা জিয়ার লিভার সিরোসিস সনাক্ত হওয়ার পর থেকেই তাকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়ে আসছেন চিকিৎসকরা। বিএনপি প্রধানের পরিবারও বিভিন্ন সময়ে সরকারের কাছে অনুমতি চেয়েছিল। তবে আইনমন্ত্রী বলে আসছেন, দুর্নীতির মামলায় সাজা স্থগিত করার শর্তে খালেদার মুক্তি হওয়ায় চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ নেই।
প্রসঙ্গত, করোনার প্রাদুর্ভাবের মধ্যে ২৫ মার্চ ২০২০ সালে সরকার খালেদা জিয়াকে তার গুলশানের বাড়িতে থাকার এবং দেশ ত্যাগ না করার শর্তে সাজা স্থগিত করে একটি নির্বাহী আদেশ দেয়। যার ফলে সাময়িকভাবে কারাগার থেকে মুক্তি মেলে সাবেক এই প্রধানমন্ত্রীর। এরপর থেকে খালেদা জিয়াকে জেলের বাইরে রাখতে একাধিকবার মেয়াদ বাড়ানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে