Views Bangladesh Logo

প্রমোশনের ম্যাচে কেন্টের হয়ে খালেদের ৩ উইকেট

Sports Desk

ক্রীড়া ডেস্ক

হাসান মাহমুদের পর কাউন্টি দল কেন্টের বোলিং আক্রমণের অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছেন খালেদ আহমেদ। গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি।

ক্যান্টারবুরিতে কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগের ম্যাচে গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়েছেন খালেদ। তাঁর ৩ উইকেট ও ম্যাট মিলনেসের ৪ উইকেটে গ্লুচেস্টারশায়ার ২২৯ রানে অলআউট হয়েছে।

শুধু কম রানে প্রতিপক্ষকে অলআউট করাই নয়, গ্লুচেস্টারশায়ারকে ৬৯.৫ ওভারের মধ্যেই গুটিয়ে দিয়েছে কেন্ট। কাউন্টির নিয়ম অনুযায়ী, প্রতিপক্ষকে ১১০ ওভারের মধ্যে অলআউট করতে পারলে বোলিংয়ে ৩ বোনাস পয়েন্ট পাওয়া যায়। প্রমোশনের লড়াইয়ে থাকা কেন্টের জন্য এই ৩ পয়েন্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচটিই কেন্টের মৌসুমের শেষ ম্যাচ। এই ম্যাচে জয় পেলেই প্রথম বিভাগে প্রমোশন নিশ্চিত করবে দলটি। প্রমোশনের দৌড়ে কেন্টের মূল প্রতিদ্বন্দ্বী নর্দাম্পটনশায়ার।

বর্তমানে ১৯৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে কেন্ট। ১৯১ পয়েন্ট নিয়ে তৃতীয় নর্দাম্পটনশায়ার। দুই দলের পয়েন্ট সমান হলেও প্রমোশন পাবে কেন্ট, কারণ এ মৌসুমে নর্দাম্পটনশায়ারের চেয়ে তাদের জয় দুটি বেশি।

গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচেও ভালো অবস্থানে রয়েছে কেন্ট। প্রতিপক্ষকে ২২৯ রানে অলআউট করার পর প্রথম দিনের খেলা শেষে কেন্টের সংগ্রহ ১ উইকেটে ৭১ রান।

অন্যদিকে, নর্দাম্পটনশায়ারের অবস্থা তুলনামূলকভাবে কঠিন। প্রথম ইনিংসে তারা মাত্র ১০৩ রানে অলআউট হয়েছে। জবাবে মিডলসেক্স তুলেছে ২৫৫ রান। ফলে প্রথম ইনিংসে ১৫২ রানের লিড পেয়েছে মিডলসেক্স।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কেন্টের খালেদের কাছ থেকে ভালো পারফরম্যান্স দরকার ছিল। সেটিই করে দেখিয়েছেন তিনি। দারুশ আহমেদ, সাই কিশোর ও চে সিমন্সকে আউট করেন খালেদ। এর মধ্যে দারুশ ও কিশোরকে পরপর দুই ওভারে ফিরিয়েছেন তিনি। গ্লুচেস্টারশায়ারের দ্রুত অলআউট হওয়ার পেছনে তাঁর উইকেটগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এর আগে কেন্টের হয়ে সর্বশেষ ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন খালেদ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ