হাসানের পর কাউন্টিতে খালেদের পাঁচ উইকেট, মুগ্ধ কেন্ট সতীর্থ
কেন্টের পেস আক্রমণে হাসান মাহমুদের অনুপস্থিতিতে তৈরি হওয়া বাড়তি দায়িত্ব বেশ ভালোভাবেই সামলেছেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে বল হাতে দুর্দান্ত পারফর্ম করে তুলে নিয়েছেন নিজের প্রথম ‘ফাইফার’ (পাঁচ উইকেট)।
অর্ধশতকের দ্বারপ্রান্তে থাকা উদ্বোধনী জুটি ভেঙে কেন্টকে প্রথম সাফল্য এনে দেন খালেদ। ইনিংসের শুরুতেই ওপেনার কিটন জেনিংসকে ফিরিয়ে ৮১ রানের জুটি ভাঙার পর দ্রুতই সাজঘরে পাঠান রকি ফ্লিনটফকে। এরপর ৩৭ রান করা ম্যাটি হার্স্টকে ফেরানোর পর মিচেল স্টানলি ও ল্যাঙ্কাশায়ারের অধিনায়ক জেমস অ্যান্ডারসনকে পরপর দুই বলে আউট করে পূর্ণ করেন পাঁচ উইকেটের কোটা।
ল্যাঙ্কাশায়ারের প্রথম ইনিংসে ১৫.৫ ওভার বল করে চার মেইডেনসহ ৪২ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন খালেদ। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার দশম ফাইফার হলেও ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে এটাই প্রথম পাঁচ উইকেট।
এর আগে কেন্টের হয়ে ফাইফার পাওয়ার কীর্তি গড়েছিলেন বাংলাদেশি আরেক পেসার হাসান মাহমুদ। তবে জাতীয় দলের ব্যস্ততার কারণে দেশের উদ্দেশ্যে রওনা হলে তার জায়গায় প্রথম একাদশে সুযোগ পান খালেদ। সুযোগ পেয়েই প্রথম দিনে বল হাতে নিজের জাত চেনান এই বাংলাদেশি পেসার।
খালেদের এমন নিয়ন্ত্রিত ও বিধ্বংসী বোলিংয়ে মুগ্ধ হয়েছেন তার ইংলিশ সতীর্থ পেসার ম্যাট মিলনেস। নিজে চার উইকেট পেলেও ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রে রাখেন খালেদকেই। হাসানের প্রশংসার পাশাপাশি খালেদের দায়িত্ব নেওয়ার মানসিকতাকে সাধুবাদ জানিয়ে মিলনেস বলেন, ‘হাসানকে হারানোটা নিঃসন্দেহে আমাদের জন্য বড় এক ধাক্কা ছিল। কারণ সে নিঃসন্দেহে একজন উঁচু মানের বোলার। তার জায়গায় এসে দায়িত্ব পালন করাটা খালেদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল, কিন্তু সেই চ্যালেঞ্জ নিয়ে আজ দায়িত্ব পালন করেছে।’
খালেদের বোলিংয়ে মুগ্ধতা প্রকাশ করে এই ইংলিশ পেসার আরও বলেন, “আমার মনে হয়, সে সত্যিই চমৎকার বোলিং করেছে।”
মতামত দিন