শাবিপ্রবির নতুন উপাচার্য খায়রুল ইসলাম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।
শনিবার (২৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন সহকারী সচিব মো শাহ আলম সিরাজ।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭–এর ১১(১) ধারা অনুযায়ী তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।’
অধ্যাপক ড. খায়রুল ইসলাম বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সাবেক ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরের তারিখ পর্যন্ত—যেটি আগে ঘটবে। দায়িত্ব পালনকালে তিনি মূল পদের সমপরিমাণ বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে