বিসিবির ৯ ঘণ্টার রুদ্ধদ্বার সভা, এলো একগুচ্ছ সিদ্ধান্ত
দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার ম্যারাথন বৈঠকে দেশের ক্রিকেটে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুপুর থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলা এই রুদ্ধদ্বার সভায় গৃহীত হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। পাশাপাশি নেওয়া হয়েছে নতুন কিছু উদ্যোগ।
রোববার (৫ এপ্রিল) বৈঠক-পরবর্তী ব্রিফিংয়ে বিসিবির পরিচালক মোখসেদুল কামাল জানান, দেশের ক্রিকেটকে আরও পরিকল্পিত ও পেশাদার কাঠামোয় এগিয়ে নিতে বোর্ড যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে।
বোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি হলো সাদা বলের ক্রিকেটে অধিনায়ক ও সহ-অধিনায়কদের মেয়াদ বাড়ানো—ওয়ানডে দলে মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক) থাকবেন ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত।
টি-টোয়েন্টি দলে লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক) থাকবেন ২০২৮ বিশ্বকাপ পর্যন্ত।
বিসিবির মতে, নেতৃত্বে ধারাবাহিকতা দলের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলবে।
বোর্ড তাদের প্রশাসনিক কাঠামো আধুনিকায়নের লক্ষ্যে নতুন হিউম্যান রিসোর্স পলিসি অনুমোদন করেছে। এই নীতিমালার মাধ্যমে নিয়োগ ও পদোন্নতিতে মেধা ও পারফরম্যান্সকে অগ্রাধিকার, দায়িত্ব ও কাজের পরিধি স্পষ্টকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত ও স্বাস্থ্য বিমা, ইনসেনটিভসহ স্টাফ কল্যাণে গুরুত্ব দেওয়া হবে।
বোর্ড আশা করছে, এর ফলে প্রশাসনিক জটিলতা কমে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব হবে।
এছাড়াও ঘরোয়া ক্রিকেট উন্নয়নে চালু করা হয়েছে দুটি ডিজিটাল প্ল্যাটফর্ম—এক. প্লেয়ার ডাটা অ্যাপ। এর মাধ্যমে ক্রিকেটারদের পারফরম্যান্স তথ্য সহজে পাওয়ার সুযোগ মিলবে। দুই. ক্লাউড সার্ভার অ্যাপ। এটি ভিডিও বিশ্লেষণের মাধ্যমে কোচ ও বিশ্লেষকদের কাজ সহজ করবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে