জাতিসংঘের নির্বাচনে বাংলাদেশকে সমর্থনের আশ্বাস সৌদিসহ কয়েকটি মুসলিম দেশের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার প্রতি সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিন এবং গাম্বিয়াসহ বিভিন্ন দেশ পূর্ণ সমর্থন দিয়েছে।
শুক্রবার জেদ্দায় ওআইসির জরুরি অধিবেশনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান অংশগ্রহণকারী দেশগুলোর নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল এলখেরেজি, তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকিলিকায়া, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভারসেন আগাবেকিয়ান এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদাও অংশ নেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নেতারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিজয় ও প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে শুভেচ্ছা জানিয়ে তার নেতৃত্বে দেশটির দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের আশা প্রকাশ করেছেন। পাশাপাশি, তারা ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবিচল সমর্থনের প্রশংসা করেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার বৈঠক স্মরণ করে বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শিগগিরই বাংলাদেশ সফরে আসবেন এবং দুই দেশের সম্পর্ক আরও সুসংহত হবে।
তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকিলিকায়া বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করে ভবিষ্যতে সম্পর্ক আরও বিস্তৃত হবে বলে আশাবাদ প্রকাশ করেন। খলিলুর রহমান রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় তুরস্কের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং রোহিঙ্গা সংকট সমাধানে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।
সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল এলখেরেজি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। তিনি বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ এবং ভিশন ২০৩০ প্রকল্পে সহযোগিতার সম্ভাবনা তুলে ধরেন।
ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভারসেন আগাবেকিয়ানকে খলিলুর রহমান বাংলাদেশের ন্যায্য সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি জোর দেন, ১৯৬৭-পূর্ব সীমান্ত এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই একমাত্র সমাধান।
গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদাওকে খলিলুর রহমান রোহিঙ্গা জনগোষ্ঠীর পক্ষে গাম্বিয়ার সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তিনি আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলায় গাম্বিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।
বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে