জাতীয় জাদুঘর থেকে সরানো হলো মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ
মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ সরিয়ে ফেলা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপস্থিতি কমিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের বিরুদ্ধে।
সরেজমিনে পরিদর্শন করা একাধিক দর্শনার্থী জানিয়েছেন, মুক্তিযুদ্ধের কর্নারে বঙ্গবন্ধুকে নিয়ে আলাদা গ্যালারি আর নেই। ৭ মার্চের ভাষণ, ৬৬-এর ছয় দফা বা ৬৯-এর গণঅভ্যুত্থানে তার নেতৃত্বের কোনো উপস্থাপনা চোখে পড়েনি বলেও অভিযোগ করেছেন তারা।
জাদুঘর কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, কোনো নিদর্শন ধ্বংস করা হয়নি। গত বছরের রাজনৈতিক অস্থিরতার সময় হামলার আশঙ্কায় কিছু প্রতিকৃতি ও নিদর্শন সাময়িকভাবে সরিয়ে নিরাপদে সংরক্ষণ করা হয়েছে।
মহাপরিচালক তানজিম ওয়াহাব জানান, ৫২, ৭১ ও ২৪-সহ বাংলাদেশের সামগ্রিক ইতিহাস নতুনভাবে উপস্থাপনের কাজ চলছে এবং এ লক্ষ্যে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।
তিনি আশ্বাস দেন, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ভূমিকাকে ইতিহাসে যথাযথ স্থান দেওয়া হবে।
১৯১৩ সালে ‘ঢাকা জাদুঘর’ হিসেবে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ জাদুঘর। ৯৩ হাজার ২৪৬টি নিবন্ধিত নিদর্শনের বিপরীতে চারতলা ভবনের ৪৬টি গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে মাত্র ৪ হাজার ১৭৮টি নিদর্শন। অর্থাৎ মোট সংগ্রহের প্রায় ৫ শতাংশ। বাকি বিপুলসংখ্যক নিদর্শন স্টোরে সংরক্ষিত আছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে