ভারী বৃষ্টিতে কেরালায় প্রাণহানি বেড়ে ১৫, নিখোঁজ ৭
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় টানা ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা ও বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও সাতজন। দুর্যোগে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
সোমবার (৩ আগস্ট) রাজ্যের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বন্যা পরিস্থিতি পর্যালোচনা শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কেরালার মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীশান।
সরকারি তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে মালাপ্পুরম জেলায়, যেখানে চারজনের মৃত্যু হয়েছে। কোট্টায়ামে মারা গেছেন তিনজন। এর মধ্যে পুঞ্জার বিধানসভা এলাকার দুজন এবং পানির ট্যাঙ্কে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া এর্নাকুলামে দুজন, কোল্লামে দুজন এবং ইডুক্কি, মুভাত্তুপুঝা, কান্নুর ও কোঝিকোড়ে একজন করে প্রাণ হারিয়েছেন।
উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে। প্রশাসনের তথ্যমতে, কোল্লাম ও কান্নুরে দুজন করে এবং মালাপ্পুরম, ইডুক্কি ও মুভাত্তুপুঝায় একজন করে মোট সাতজন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধারকারী দল কাজ করছে। ভারী বর্ষণের কারণে রাজ্যের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, ভূমিধসের আশঙ্কা এবং যোগাযোগব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত কেরালাজুড়ে ৩১৬টি ত্রাণশিবির চালু করা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে বন্যা ও ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১১ হাজার ১৮ জন মানুষকে নিরাপদে রাখা হয়েছে।
রাজ্য সরকার জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। দুর্যোগপ্রবণ এলাকাগুলোর বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পাশাপাশি প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: এনডিটিভি
মতামত দিন