Views Bangladesh Logo

প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচনে টানা পঞ্চমবার সাফ সভাপতি কাজী সালাউদ্দিন

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির দায়িত্ব থেকে বিদায় নিলেও দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ সংস্থা সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)-এর নেতৃত্বে থাকছেন কাজী সালাউদ্দিন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাবেক এই ফুটবল তারকা ও ক্রীড়া সংগঠক।

শনিবার (১ আগস্ট) ভুটানে অনুষ্ঠিত সাফ কংগ্রেসে কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ায় ভোটাভুটির প্রয়োজন হয়নি। কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদনের মাধ্যমে গঠনতন্ত্র অনুযায়ী কাজী সালাউদ্দিনকে নতুন মেয়াদের জন্য সভাপতি ঘোষণা করা হয়।

সাফের গঠনতন্ত্রের ২৪.২ ধারা অনুযায়ী, কোনো পদের বিপরীতে প্রার্থীর সংখ্যা শূন্যপদের সমান বা তার কম হলে কংগ্রেসের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। সেই বিধান অনুসারেই নতুন মেয়াদের দায়িত্ব নিশ্চিত করেন ৭১ বছর বয়সী সালাউদ্দিন।

২০০৯ সাল থেকে টানা সাফের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন তিনি। তবে বয়সসীমার বিধান থাকায় এবার তার প্রার্থিতা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরে গত বছর শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত সাফের বিশেষ সাধারণ সভায় গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে ৭০ বছর বয়সসীমার বাধ্যবাধকতা বাতিল করা হয়। এর ফলে আবারও সভাপতি পদে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পান কাজী সালাউদ্দিন।

নতুন কার্যনির্বাহী কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও বেড়েছে। বাফুফের সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ প্রথমবারের মতো সাফের নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহসভাপতি পদে শ্রীলঙ্কার জাসওয়ার উমারু লাবে এবং নির্বাহী কমিটির সদস্য হিসেবে মালদ্বীপের হুসাইন শাফিউও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ