বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাজী জেসিন। গ্রেড-১ পদে তাকে এক বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্ব গ্রহণের দিন থেকেই তার নিয়োগ কার্যকর হবে এবং পরবর্তী এক বছর তিনি বিটিভির মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন, ২০০১’-এর ১১(২) ধারা অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য সব ধরনের পেশা, ব্যবসা এবং সরকারি, আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থ বিবেচনায় এ নিয়োগাদেশ জারি করা হয়েছে।
উল্লেখ্য, কাজী জেসিন একজন জনপ্রিয় কবি ও সাংবাদিক। গাইবান্ধা জেলায় জন্ম নেয়া জেসিন ক্যামব্রিয়ান বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্য থেকে টেকসই উন্নয়ন ও লিডারশিপে স্নাতকোত্তর করেছেন। তার প্রকাশিত গ্রন্থ তানানুম তানানুম, জোৎস্নামত্ত যাত্রা । লেখালেখির শুরু ১৯৯৭-এ লিটল ম্যাগে প্রবন্ধ লেখার মধ্য দিয়ে। পেশাগতভাবে কাজ করেছেন দৈনিক আমার দেশ, এনটিভি, চ্যানেল ওয়ান, একুশে টিভি, বাংলাভিশন এবং যমুনা টিভিতে। বর্তমানে সমসাময়িক বিষয়ে প্রবন্ধ লিখছেন বিভিন্ন পত্র-পত্রিকায়।
মতামত দিন