ক্যানসারে আক্রান্ত ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন
ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘কয়েক মাস আগে অবিশ্বাস্যভাবে একটি ধাক্কা খেয়েছি। আমার ক্যানসার ধরা পড়েছে। তবে আমি ভালো আছি এবং চিকিৎসা নিচ্ছি। প্রতিদিন আগের তুলনায় শক্তিশালী হচ্ছি।’
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ক্যানসারের খবর প্রকাশ করলেও কোন ধরনের ক্যানসারে আক্রান্ত তার বিস্তারিত কিছু বলেননি কেট। তবে রাজবধূর বাসভবন কেনসিংটন প্যালেস থেকে বলা হয়েছে, তাঁর ক্যানসার পুরোপুরি নির্মূল হবে বলে আশা করা হচ্ছে।
গতকালের ভিডিও বার্তায় কেট আরও বলেন, ‘ জানুয়ারিতে করা অপারেশনের পর পরীক্ষা–নিরীক্ষায় ক্যানসার ধরা পড়েছে। এরপর আমার মেডিকেল টিম আমাকে চিকিৎসা হিসেবে কেমোথেরাপি গ্রহণের পরামর্শ দেয়। এখন আমি প্রাথমিক পর্যায়ের কেমোথেরাপি গ্রহণ করছি।’
রাজপরিবার জানিয়েছে, ফেব্রুয়ারির শেষের দিকে কেটের কেমোথেরাপি চিকিৎসা শুরু হয়েছে। তবে তিনি কী ধরনের ক্যানসারে আক্রান্ত এবং কোন প্রক্রিয়ায় চিকিৎসা চলছে, সেসব ব্যাপারে কিছুই জানানো হবে না।
৪২ বছর বয়সী কেট ভিডিও বার্তায় বলেন, ‘যারা এই রোগে আক্রান্ত তাদের বলি, কখনোই আশা হারাবেন না। নিজের ওপর বিশ্বাস রাখুন। আপনি একা নন।’
এদিকে ব্রিটিশ রাজা চার্লসও ক্যানসারে আক্রান্ত। গত জানুয়ারিতে কেট ও রাজা চার্লস একই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ৭৫ বছর বয়সী চার্লস প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত।

মতামত দিন