প্রথমবার ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মীরের পেসার আকিব নবি, বিশ্রামে বুমরাহ
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য প্রথমবারের মতো ভারতের জাতীয় দলে ডাক পেয়েছেন জম্মু-কাশ্মীরের ফাস্ট বোলার আকিব নবি। চোটের কারণে জাসপ্রিত বুমরাহকে বিশ্রাম দেওয়ায় তার জায়গাতেই ২৯ বছর বয়সী এই পেসারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাঁ হাঁটুতে চোট পান বুমরাহ। ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় তাকে শ্রীলঙ্কা সফরের দল থেকে বাইরে রাখা হয়েছে। বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় তার প্রত্যাবর্তনও পিছিয়ে গেছে।
আকিব নবির জাতীয় দলে সুযোগ পাওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ঘরোয়া ক্রিকেটে তার ধারাবাহিক পারফরম্যান্স। রঞ্জি ট্রফির গত দুই মৌসুমে তিনি নিয়েছেন ১০৪টি উইকেট। এর মধ্যে ২০২৫–২৬ মৌসুমেই শিকার করেছেন ৬০ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ে প্রথমবারের মতো রঞ্জি ট্রফির শিরোপা জেতে জম্মু-কাশ্মীর।
জাতীয় দলে জায়গা পাওয়ার আগে সম্প্রতি ভারতের ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরেও নিজেকে প্রমাণ করেন আকিব। চার দিনের দুটি ম্যাচে তিনি মোট ছয়টি উইকেট নেন। প্রথম ম্যাচের প্রথম ইনিংসেই ৫৮ রানে চার উইকেট শিকার করে নির্বাচকদের নজর কাড়েন এই ডানহাতি পেসার।
আকিব নবি জম্মু-কাশ্মীর থেকে ভারতের টেস্ট দলে সুযোগ পাওয়া প্রথম ক্রিকেটার। এর আগে একই অঞ্চল থেকে পারভেজ রাসুল ভারতের হয়ে একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছেন। আর পেসার উমরান মালিক খেলেছেন ১০টি ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি। এবার অভিজাত টেস্ট ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় রয়েছেন আকিব।
অন্যদিকে, বুমরাহর চোট নিয়ে সতর্ক অবস্থানেই রয়েছে টিম ম্যানেজমেন্ট। ২০২৪–২৫ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার–গাভাস্কার ট্রফির সময় পিঠ ও কোমরের চোটে ভুগেছিলেন তিনি। এরপর থেকেই তার ওয়ার্কলোড নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিসিসিআই। গত বছরও ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে দুটি ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল।
শুভমান গিলের নেতৃত্বে শ্রীলঙ্কা সফরে যাবে ভারত। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি ১৫ আগস্ট গলে এবং দ্বিতীয়টি ২৩ আগস্ট কলম্বোতে অনুষ্ঠিত হবে। সিরিজে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন লোকেশ রাহুল। এদিকে, ব্যাটার সাই সুদর্শনের দলে চূড়ান্ত অন্তর্ভুক্তি নির্ভর করছে তার ফিটনেস পরীক্ষার ফলাফলের ওপর।
ভারতের টেস্ট স্কোয়াড
শুভমান গিল (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রিশাভ পন্ত (উইকেটরক্ষক), সাই সুদর্শন, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুথার, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, গুরনুর ব্রার, দেবদত্ত পাডিক্কেল, সারাংশ জৈইন ও আকিব নবি।
মতামত দিন