Views Bangladesh Logo

কুমিল্লার রেস্টুরেন্টে দুই বছরের শিশুকে রেখে চলে গেল কাশ্মিরি পরিবার

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার একটি রেস্টুরেন্টে নাশতা করতে এসে ভুলবশত প্রায় দুই বছর বয়সী এক কন্যাশিশুকে রেখে চলে গেছে ভারতের কাশ্মির থেকে আসা একটি পরিবার। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শনিবার (২৭ জুন) সকালে উপজেলার মোস্তফাপুর এলাকার জাইতুন রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রেস্টুরেন্ট কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে বিষয়টি জানার পর সমাজসেবা বিভাগের মাধ্যমে শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। শনিবার দুপুরে পরিবারটির সঙ্গে যোগাযোগ সম্ভব হয়েছে এবং তারা শিশুটিকে নিতে আসছেন বলে জানিয়েছে পুলিশ।

জাইতুন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী লুৎফুর রহমান রিপন বলেন, শনিবার সকালে ভারতের কাশ্মির থেকে আসা প্রায় ১৫ সদস্যের একটি পরিবার দুটি গাড়িতে করে রেস্টুরেন্টে নাশতা করতে আসে। খাবার শেষে তারা চলে যাওয়ার সময় অসাবধানতাবশত শিশুটিকে সেখানেই রেখে চলে যান।

তিনি আরও বলেন, শিশুটির বয়স আনুমানিক দেড় থেকে দুই বছর। সে স্পষ্টভাবে কথা বলতে পারে না। বিষয়টি বুঝতে পেরে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে থানায় খবর দেয়।

কুমিল্লা দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা কুমিল্লার উদ্দেশে রওনা হয়েছেন। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সদর দক্ষিণ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীমা শারমিন বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা কাশ্মির থেকে এসেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তারা কোথা থেকে এসেছেন এবং কোথায় যাচ্ছিলেন—এসব বিষয়ে বিস্তারিত তথ্য তারা এলে জানা যাবে।

পুলিশ জানিয়েছে, শিশুটিকে নিরাপদে রাখা হয়েছে এবং পরিবারের পরিচয় যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তার অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ