বন্দি পালানোর ঘটনায় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার বরখাস্ত
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কারাগারটির জেলার শিরিন আখতারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
সোমবার (২০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৬ জুলাই সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় জেলার শিরিন আখতারের দায়িত্ব পালনে চরম অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে কারা অধিদপ্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কারা অধিদপ্তরের সুপারিশের ভিত্তিতে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত আর্থিক বিধি-বিধান অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
মতামত দিন