শুটিং সেটে আহত হয়ে হাসপাতালে ভর্তি কার্তিক আরিয়ান
অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। পরিচালক কবির খানের নতুন সিনেমার সেটে হাঁটুর লিগামেন্টে চোট পাওয়ার পর তাকে মুম্বাইয়ের ফোর্টিস রাহেজা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, সিনেমাটির শুটিং শেষ হতে আর মাত্র দুই দিন বাকি ছিল। দীর্ঘদিনের শারীরিক প্রস্তুতি ও অ্যাকশন ট্রেনিংয়ের পর ঝুঁকিপূর্ণ একটি দৃশ্য ধারণের সময় দুর্ঘটনাটি ঘটে। আহত হওয়ার সঙ্গে সঙ্গে শুটিং বন্ধ করে কার্তিককে হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল ও প্রযোজনা দলের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, চিকিৎসকেরা তার হাঁটুর অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। অস্ত্রোপচারের পর কিছুদিন তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।
এই চোটের কারণে কবির খানের নতুন সিনেমার কাজের পাশাপাশি পরিচালক অনুরাগ বসুর পরবর্তী প্রজেক্টের শুটিংও সাময়িকভাবে পিছিয়ে যেতে পারে।
সম্প্রতি ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমায় অভিনয়ের জন্য ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান পান কার্তিক আরিয়ান। সামনে তাকে ‘নাগজিলা’ ও ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ সিনেমাতেও দেখা যাবে।
মতামত দিন