Views Bangladesh Logo

কারিনা কায়সারের মরদেহ দেশে পৌঁছাবে রোববার

লিভার সংক্রান্ত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শনিবার (১৫ মে) সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রোববার (১৭ মে) দুপুরে কারিনার মরদেহ দেশে পৌঁছাবে বলে জানিয়েছেন তার বাবা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। তিনি বলেন, আগামীকাল দুপুরে কারিনা কায়সারের মরদেহ দেশে পৌঁছাবে। এরপর বাদ আসর বনানী ডিওএইচএস জামে মসজিদ প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। সোমবার (১৮ মে) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মুন্সীগঞ্জ জেলা গজারিয়া উপজেলা তাকে দাফন করা হবে।

এর আগে, শনিবার (১৬ মে) কারিনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন বাবা কায়সার হামিদ। পোস্টে তিনি লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার প্রানপ্রিয় আদরের মেয়ে কারিনা কায়সার একটু আগে চেন্নাইতে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছে। আমার মেয়ের কোন ভূল ত্রুটি হয়ে থাকলে কিংবা কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দেবেন।’

প্রসঙ্গত, লিভার–সংক্রান্ত জটিলতায় কয়েকদিন ধরে সংকটাপন্ন ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাঁকে। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানে ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে তার চিকিৎসা চলছিল। চিকিৎসকেরা প্রথমে তাঁর ফুসফুসের চিকিৎসা শুরু করেছিলেন। এরপর লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও চলছিল।

পরিবার সূত্রে জানা যায়, প্রথমে জ্বরে আক্রান্ত হন কারিনা। পরে তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ এবং ই-জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়।

উল্লেখ্য, হাস্যরসাত্মক কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া কারিনা কায়সার চলচ্চিত্রেও অভিনয় করেছেন। রেজাউর রহমান পরিচালিত ‘৩৬-৩৪-৩৬’ ওয়েব ফিল্মে অভিনয় করতে দেখা গেছে কারিনাকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ