কাপ্তাই হ্রদে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা বাড়ল আরও ১০ দিন
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বাড়ানো হয়েছে। বর্ধিত সময়সীমা অনুযায়ী, আগামী ১০ আগস্ট মধ্যরাত পর্যন্ত দক্ষিণ এশিয়ার বৃহত্তম এই কৃত্রিম জলাধারে সব ধরনের মাছ আহরণ বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।
সোমবার (২৭ জুলাই) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদ থেকে মৎস্য আহরণ ও বাজারজাতকরণের অনুমতি সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ১১ আগস্ট থেকে কাপ্তাই হ্রদে পুনরায় মাছ আহরণ শুরু হবে।
বিএফডিসির কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন কেন্দ্রের কমান্ডার মো. ফয়েজ আল করিম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ প্রসঙ্গে রাঙ্গামাটি মৎস্য ব্যবসায়ী মো. মাহফুজুর রহমান বলেন, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি এবং মাছের বংশবৃদ্ধির বিষয়টি বিবেচনা করে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সরকার ও মৎস্য আহরণের সঙ্গে জড়িত সবাই উপকৃত হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাছের প্রাকৃতিক প্রজনন ও নিরাপদ বংশবৃদ্ধি নিশ্চিত করতে গত ২৪ এপ্রিল দিবাগত মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ আহরণের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়। সেই নিষেধাজ্ঞা আগামী ৩১ জুলাই পর্যন্ত বহাল থাকার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে হ্রদে পর্যাপ্ত পানি বৃদ্ধি না হওয়া এবং মাছের প্রজনন কার্যক্রম আশানুরূপ না হওয়ায় নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়া হলো।
মতামত দিন