Views Bangladesh Logo

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে হ্যারি কেইনের নতুন রেকর্ড

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোলের রাতে বিশ্বকাপ ইতিহাসের পাতায় নতুন করে নিজের নাম লিখে রাখলেন হ্যারি কেইন। এক রাতেই একাধিক রেকর্ড নিজের করে নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। বিশ্বকাপের ‘এল’ গ্রুপে বুধবার ৪-২ ব্যবধানে জয় পাওয়া ম্যাচে দুটি গোল করে তিনি ছাড়িয়ে গেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে, পাশাপাশি বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতার আসনেও উঠে এসেছেন।

ম্যাচের ১২তম মিনিটে পেনাল্টি থেকে ইংল্যান্ডকে এগিয়ে দেন কেইন। প্রথম শট ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ ঠেকিয়ে দিলেও গোললাইন ছেড়ে আগেভাগে বেরিয়ে আসায় পুনরায় পেনাল্টি নেওয়ার নির্দেশ দেন রেফারি। দ্বিতীয় সুযোগে আর ভুল করেননি ইংলিশ অধিনায়ক।

এই গোলের মধ্য দিয়ে বিশ্বকাপে পেনাল্টি থেকে কেইনের গোলসংখ্যা দাঁড়ায় পাঁচে (টাইব্রেকার বাদে), যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। এর আগে চারটি করে পেনাল্টি গোল নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন লিওনেল মেসি, ইউসেবিও, গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও রব রেনসেনব্রিঙ্ককে।

গোল করার মাধ্যমে আরেকটি কীর্তিও গড়েন কেইন। ডেভিড ব্যাকহামের (১৯৯৮, ২০০২ ও ২০০৬) পর দ্বিতীয় ইংলিশ ফুটবলার হিসেবে তিনটি ভিন্ন বিশ্বকাপে (২০১৮, ২০২২ ও ২০২৬) গোল করার রেকর্ড গড়েন তিনি।

এরপর প্রথমার্ধের ৪২তম মিনিটে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন ৩২ বছর বয়সী এই স্ট্রাইকার। সেই গোলেই বিশ্বকাপে তাঁর মোট গোলসংখ্যা পৌঁছে যায় ১০-এ। ফলে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসান তিনি। এতদিন এককভাবে ১০ গোল নিয়ে শীর্ষে ছিলেন ইংল্যান্ড কিংবদন্তি গ্যারি লিনেকার।

ইংল্যান্ডের জার্সিতে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড অবশ্য আগেই নিজের করে নিয়েছেন কেইন। জাতীয় দলের হয়ে তাঁর গোলসংখ্যা এখন ৮১, যেখানে দ্বিতীয় স্থানে থাকা ওয়েইন রুনির গোল ৫৩টি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ