৩০ বছর পর হঠাৎ ভাইরাল কল্পনা আইয়ার
রণবীর সিং অভিনীত ছবি ধুরন্ধর মুক্তির পর থেকেই দর্শকদের আলোচনায়। ছবির পারফরম্যান্সের পাশাপাশি গানগুলোও দারুণ সাড়া ফেলেছে। ‘শরারত’ থেকে ‘গহরা হুয়া’—একাধিক গান ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে সবচেয়ে বেশি চমক দিয়েছে ১৯৭০, ৮০ ও ৯০–এর দশকের পুরোনো হিট গানের নস্টালজিক ব্যবহার।
সেই নস্টালজিয়ার মাঝেই হঠাৎ করে ভাইরাল হয়ে গেছেন এক অভিনেত্রী, যার নাম বহু দর্শকের স্মৃতি থেকে প্রায় হারিয়েই গিয়েছিল। ১৯৮১ সালের জনপ্রিয় গান ‘রাম্বা হো’-তে নাচে নজর কাড়া কাল্পনা আইয়ার সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে সেই গানেই নেচে সবাইকে তাক লাগিয়ে দেন। ৬৯ বছর বয়সেও তার এনার্জি ও এক্সপ্রেশন মুগ্ধ করেছে নেটিজেনদের। ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
কে এই কাল্পনা আইয়ার
কল্পনা আইয়ার ছিলেন আশি ও নব্বইয়ের দশকের পরিচিত বলিউড অভিনেত্রী ও ড্যান্স পারফরমার। ‘সত্তে পে সত্তা’, ‘বড়ে দিলওয়ালা’, ‘হুম পাঁচ’, ‘লাডলা’, ‘আঞ্জাম’-এর মতো বহু জনপ্রিয় ছবিতে তাকে দেখা গেছে। রাজা হিন্দুস্তানি ছবির ‘পরদেশী’ গানটিও দর্শকের মনে গেঁথে আছে তাঁর নাচের জন্য। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় ১০০টির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।
‘রাম্বা হো’ থেকে ‘ধুরন্ধর’
মূল ‘রাম্বা হো’ গানটি ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত আরমান ছবির জন্য তৈরি হয়েছিল। বাপ্পি লাহিড়ীর সুরে ও উষা উথুপের কণ্ঠে গানটি সে সময়ই ব্যাপক জনপ্রিয়তা পায়। ধুরন্ধর ছবিতে গানটি নতুন করে রিমিক্স করে ব্যবহার করা হয়েছে, যা আবারও দর্শকদের ফিরিয়ে নিয়ে গেছে সেই পুরোনো দিনের বলিউডে।
ভাইরাল ভিডিও দেখার পর অনেক নেটিজেনই খুঁজতে শুরু করেন—মূল গানের সেই নৃত্যশিল্পী কে ছিলেন। এভাবেই প্রায় তিন দশক পর আবার আলোচনার কেন্দ্রে ফিরে এসেছেন একসময় ভুলে যাওয়া অভিনেত্রী কাল্পনা আইয়ার।
মতামত দিন