কালেমাখচিত পতাকা নিয়ে পাবনায় মিছিল, ‘জানা ছিল না’ পুলিশের
পাবনা শহরে কালেমাখচিত সাদা ও কালো পতাকা নিয়ে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল থেকে ধর্মীয় স্লোগানের পাশাপাশি গাইবান্ধায় রাম মন্দির নির্মাণের বিরোধিতা এবং ঢাকার হানিফ ফ্লাইওভার থেকে কালেমাখচিত পতাকা অপসারণের প্রতিবাদ জানানো হয়।
বৃহস্পতিবার বিকেলে ‘পাবনার তরুণ আলেম ও ছাত্র-জনতা’ ব্যানারে মিছিলটি শহরের আব্দুল হামিদ সড়ক থেকে শুরু হয়ে বাণী সিনেমা মোড় ঘুরে শহীদ চত্বরে গিয়ে শেষ হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পাঞ্জাবি ও টুপি পরিহিত ৫০ থেকে ৬০ জনের একটি দল কালেমাখচিত সাদা ও কালো পতাকা বহন করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। মিছিল চলাকালে সড়কের পাশে পুলিশ সদস্যদের দাঁড়িয়ে থাকতেও দেখা যায়।
তবে এ বিষয়ে পাবনার পুলিশ সুপার (এসপি) মো. ছুফি উল্লাহ বলেন, মিছিলের বিষয়ে পুলিশের কাছে আগে থেকে কোনো তথ্য ছিল না।
তিনি বলেন, মিছিলের বিষয়ে পুলিশের কাছে কোনো পূর্ব তথ্য ছিল না। আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কালেমাখচিত পতাকা নিয়ে যদি কোনো অপতৎপরতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা থাকে, তা কঠোরভাবে দমন করা হবে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, এ ধরনের কোনো মিছিলের বিষয়ে তার জানা নেই। তিনি বিষয়টি খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানাতে পারবেন বলে জানান।
মতামত দিন