Views Bangladesh Logo

বাংলা সিনেমা দেখেন না কাজল, তবে প্রস্তাব পেলে করবেন

বাংলা সিনেমা তেমন দেখা হয় না, তবে প্রস্তাব পেলে অভিনয় করতে আপত্তি নেই— এমনটাই জানিয়েছেন বলিউড অভিনেত্রী কাজল। সম্প্রতি কলকাতায় এক সম্মাননা গ্রহণ করতে গিয়ে এ কথা বলেন তিনি।

শেকড়ের হিসাবে কাজল বাঙালিই; মা তনুজা মুখার্জি ছিলেন বাংলা সিনেমার এক সময়ের ডাকসাইটে অভিনেত্রী, বাবা পরিচালক সোমু মুখোপাধ্যায়।

মায়ের মতো হতে পেরেছেন কি না— এমন প্রশ্নে কাজলের উত্তর, ‘এখনও চেষ্টা করে চলেছি। মা অনেক বড় মাপের অভিনেত্রী। সারাজীবন মায়ের দেখানো পথেই হেঁটে এসেছি।’

কাজের ধরন নিয়ে নিজের মূল্যায়নও দিয়েছেন এই অভিনেত্রী। বলেন, ‘আমি ভীষণ শৃঙ্খলাপরায়ণ। বলিউডের খুব কম লোক আছেন, যারা সঠিক সময়ে সেটে আসেন, আমি কিন্তু তাদের মধ্যে এক জন। আবার ঠিক সময়ে সেট থেকে বেরিয়েও পড়ি। এটাই আমার স্বভাব।’

১৯৯২ সালে ‘বেখুদি’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় কাজলের। প্রথম ছবি ব্যবসাসফল না হলেও তার অভিনয় প্রশংসিত হয়। এরপর অভিনয়গুণেই বলিউডে নিজের আসন পোক্ত করেন তিনি। ১৯৯৩ সালে শাহরুখ খানের বিপরীতে তার ‘বাজিগর’ সুপারহিট হয়; আর ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ভারতের সবচেয়ে ব্যবসাসফল সিনেমাগুলোর একটি হয়ে আছে।

এরপর একে একে ‘গুপ্ত’, ‘পেয়ার কিয়া তো ডরনা কেয়া’, ‘পেয়ার তো হোনাহি থা’, ‘দুশমন’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘হাম আপকে দিলমে রেহেতে হে’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘ফানা’র মতো হিট সিনেমা উপহার দেন কাজল।

ইদানিং ওটিটিতেও ব্যস্ততা বাড়িয়েছেন কাজল। ‘দ্য রোমান্টিকস’, ‘লাস্ট স্টোরিজ ২’, ‘দ্য ট্রায়াল’সহ বেশ কয়েকটি সিরিজে কাজ করেছেন এই অভিনেত্রী।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ