রংপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার
রংপুরে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে এক কবিরাজকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)। রোববার (১০ আগষ্ট) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র্যাব। গ্রেপ্তারকৃত কবিরাজের নাম মিন্টু মিয়া।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত মিন্টু মিয়া পেশায় একজন কবিরাজ। চিকিৎসার জন্য তিনি মাঝে মধ্যে ভুক্তভোগী ওই নারীর বাড়িতে আসা-যাওয়া করতেন। এক পর্যায়ে ভিকটিমকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন এবং রাজি না হলে সুস্থ হবেন না বলে ভয় দেখাতে থাকেন। এ সময় ‘শারীরিক সম্পর্ক স্থাপন করলে সুস্থ হবে, তা না হলে অসুস্থ থেকেই যাবে’ বলে ভিকটিমকে ভয় দেখান।
এরপর গত ১ জুলাই দুপুরে মিন্টু কবিরাজ ভিকটিমের বাড়িতে গিয়ে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে ভুক্তভোগী ওই নারীকে ধর্ষণ করেন। এ ঘটনায় গত ৮ আগস্ট ভুক্তভোগী নারী বাদী হয়ে রংপুর মহানগরীর হাজীরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
অভিযোগ দায়েরের পর থেকেই পলাতক ছিলেন মিন্টু মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে হাজীরহাট থানার কেরানিহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১৩ সদর দপ্তরের একটি দল।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত মিন্টু মিয়াকে স্থানীয় থানায় হস্তান্তর করে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে