Views Bangladesh Logo

কোচেলায় পারফর্ম করে ভক্তদের তোপের মুখে জাস্টিন বিবার

প্রায় চার বছর পর কোচেলা ফেস্টিভ্যালে মঞ্চে ফিরে ভক্তদের হতাশ করেছেন কানাডার পপ সংগীতশিল্পী জাস্টিন বিবার। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে এখন সামলাতে হচ্ছে তীব্র সমালোচনা।

লাইফস্টাইল কোম্পানি ম্যান্ডেটরির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, কোচেলার ইতিহাসে সর্বোচ্চ ১ কোটি ডলার পারিশ্রমিক নেওয়া এই পপ তারকার পারফরম্যান্স ঘিরে প্রত্যাশা ছিল আকাশচুম্বী। তবে মঞ্চে আসার পর তিনি ভক্তদের চরম হতাশ করেন।

কোচেলার মঞ্চে হুডি ও শর্টস পরে ওঠেন বিবার। চেয়ারে বসে সামনের টেবিলে রাখা ল্যাপটপে নিজের ইউটিউব চ্যানেল থেকে গান বেছে সেগুলো গাইছিলেন তিনি। এ সময় পেছনের বড় পর্দায় দেখানো হচ্ছিল সেসব গানের মিউজিক ভিডিও। পুরো বিষয়টিকে 'প্রতারণা' হিসেবেই দেখছেন ভক্তরা।

প্রিয় তারকার কাছ থেকে আরও জমজমাট ও চোখধাঁধানো পরিবেশনা প্রত্যাশা করছিলেন তারা। কোচেলা সাধারণত ‘ওভার দ্য টপ’ পারফরম্যান্সের জন্য সমাদৃত; তাই বিবারের এই সাদামাটা উপস্থিতি মেনে নিতে পারেননি অনেকেই।

ভক্তদের প্রতিক্রিয়া ছিল কঠোর। অরোরা নামে একজন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘এটাকে কোনো ভাষায়ই ভালো বলার উপায় নেই। একেবারে অপেশাদার।’ আরেকজন লেখেন, ‘ব্রো কোচেলাকে লিভিং রুম সেশন বানিয়ে ফেলেছে!’ অনেকেই পারফরম্যান্সটিকে সরাসরি ‘আবর্জনা’ বলে বর্ণনা করেছেন। আরেক ভক্ত লেখেন, ‘বিবার যা করেছেন তা যদি সাবরিনা কারপেন্টার করত, তাহলে তার ক্যারিয়ার শেষ হয়ে যেত।’

উল্লেখ্য, কোচেলার প্রথম পর্ব হয়েছে ১০ থেকে ১২ এপ্রিল। বিবার পারফর্ম করেছেন ১১ এপ্রিল এবং দ্বিতীয় পর্বে ১৮ এপ্রিল আবার মঞ্চে উঠবেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ