Views Bangladesh Logo

পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান

 VB  Desk

ভিবি ডেস্ক

এক বছরের বেশি সময় ধরে বিচারকাজের বাইরে থাকা হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। সোমবার রাষ্ট্রপতির কাছে পাঠানো তার পদত্যাগপত্রটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও আইন মন্ত্রণালয়ের ই-মেইলেও পাঠানো হয়েছে। কানাডা থেকে তিনি পদত্যাগপত্রটি প্রেরণ করেন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী গণমাধ্যমকে জানান, বিচারপতি মামনুন রহমানের পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিনা ছুটিতে এক বছরেরও বেশি সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন বিচারপতি মামনুন রহমান। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পাঠিয়েছিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। কাউন্সিলের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এর আগে রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে অপসারণ করেন।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে নয়জন এখন আর দায়িত্বে নেই। বাকি তিনজন বিচারপতি পদে থাকলেও তারা বর্তমানে বেঞ্চের দায়িত্বে নেই এবং বিচারিক কাজে নিয়োজিত নন।

এ ছাড়া সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ দাখিল হওয়ায় চলতি মাসে বিচারপতি এম আর হাসানকে ছুটিতে পাঠানো হয়েছে। ছুটিতে পাঠানো মোট ১৩ জন বিচারপতির বাইরেও হাইকোর্ট বিভাগের আরও দুইজন বিচারপতি স্বেচ্ছায় কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাদের একজন ছিলেন বিচারপতি মামনুন রহমান, যিনি এবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ