Views Bangladesh Logo

নির্বাচনের আগেই বিচার ও সংস্কার সম্পন্ন করতেই হবে: এনসিপি

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, কোনো ধরনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে বিচার ও সংস্কার সম্পূর্ণভাবে শেষ করতে হবে। সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত বৈঠকের পর যৌথ বিবৃতির প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমরা শুরু থেকেই বলে আসছি সংস্কার পরবর্তী পার্লামেন্টের ওপর ছেড়ে দেওয়া যাবে না। নির্বাচনের পরে সংস্কারের দায়িত্ব অর্পণ করা যাবে না। কীভাবে সংস্কার বাস্তবায়ন হবে, সেটি নিয়ে আলোচনা হতে পারে।”

শুক্রবার (১৩ জুন) লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর তুষার এসব কথা বলেন।

তিনি বলেন, “নির্বাচিত সংসদের মাধ্যমে সংস্কার করার কোনো ঐতিহাসিক বা প্রক্রিয়াগত ভিত্তি নেই। বরং, সংসদ গঠিত হওয়া উচিত সংস্কার সম্পন্ন হওয়ার পর। এটি জুলাইয়ের গণজাগরণে পাওয়া ঐতিহাসিক ম্যান্ডেটের প্রতিফলন।”

তিনি আরও বলেন, জুলাইয়ের ঘোষণাপত্র ও সনদের মর্যাদা রক্ষা করতে হলে তা কার্যকর করার জন্য আইনি কাঠামো তৈরি করা জরুরি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। এসব বিষয়ে সমাধান ছাড়া নির্বাচনের তারিখ নির্ধারণ করা সম্ভব নয়।

এর আগে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টা ড. ইউনুসের সঙ্গে বৈঠকে আগামী বছর রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দেন। প্রধান উপদেষ্টা ইউনুস জানান, প্রস্তুতি সম্পন্ন থাকলে ২০২৬ সালের রমজানের আগের সপ্তাহেই নির্বাচন আয়োজন সম্ভব। তবে এই সময়সূচি বাস্তবায়নের জন্য বিচার ও সংস্কার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি প্রয়োজন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ