মুখে বললেই কাজ, টাইপের প্রয়োজন নেই: জিমেইল-ডকসে জেমিনির নতুন ফিচার
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) জেমিনিকে এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নয়, বরং দৈনন্দিন কাজ সম্পাদনের সহকারী হিসেবেও ব্যবহার করা যাবে। টাইপ না করে মুখে নির্দেশ দিলেই জিমেইল থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে দেওয়া, গুগল ডকসে নথি তৈরি কিংবা গুগল কিপে এলোমেলো ভাবনা গুছিয়ে নোট বানিয়ে দিতে পারবে জেমিনি। নতুন এসব সুবিধা গুগল ওয়ার্কস্পেসে যুক্ত করা হয়েছে।
সম্প্রতি গুগল জিমেইল লাইভ, ডকস লাইভ ও কিপ লাইভ নামে তিনটি ভয়েস সুবিধা চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা কথোপকথনের ধরনে জেমিনিকে নির্দেশ দিতে পারবেন। একাধিক প্রশ্নের ক্ষেত্রেও একই আলাপ চালিয়ে যাওয়ার সুযোগ থাকায় প্রতিবার নতুন করে পুরো বিষয়টি ব্যাখ্যা করার প্রয়োজন হবে না।
জিমেইল লাইভের সাহায্যে ইনবক্সের দীর্ঘ ই-মেইল বা একাধিক মেইল ঘেঁটে তথ্য খোঁজার প্রয়োজন কমবে। ব্যবহারকারী সরাসরি মুখে প্রশ্ন করলেই জেমিনি সংশ্লিষ্ট ই-মেইল খুঁজে প্রয়োজনীয় তথ্য জানাতে পারবে। যেমন কোনো ভ্রমণের ই-মেইল থেকে বিমানের গেট নম্বর জানতে চাওয়া কিংবা সন্তানের স্কুলসংক্রান্ত সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বার্তা খুঁজে দিতে বলা যাবে।
ডকস লাইভ মূলত লেখালেখির কাজে ভয়েস সহকারী হিসেবে কাজ করবে। কোনো বিষয় নিয়ে ব্যবহারকারীর কাছে বিচ্ছিন্নভাবে অনেক ধারণা থাকলেও সেগুলো গুছিয়ে বললেই জেমিনি তা একটি কাঠামোবদ্ধ ডকুমেন্টের খসড়ায় রূপ দিতে পারবে। প্রয়োজন অনুযায়ী লেখার ভাষা ও ধরনও পরিবর্তন করা যাবে। ব্যবহারকারীর অনুমতি থাকলে জিমেইল, গুগল ড্রাইভ, গুগল চ্যাট ও ওয়েব থেকে প্রাসঙ্গিক তথ্য নিয়েও নথি তৈরিতে সহায়তা করবে এই সুবিধা।
অন্যদিকে, গুগল কিপের কিপ লাইভ সুবিধাটি মূলত দ্রুত নোট তৈরির জন্য। মাথায় আসা কোনো ধারণা, বাজারের তালিকা, দৈনন্দিন কাজ কিংবা করণীয় বিষয় লিখে রাখার বদলে শুধু মুখে বলে দিলেই জেমিনি সেগুলো সাজিয়ে নোট বা তালিকায় পরিণত করতে পারবে। ফলে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য সংরক্ষণের ক্ষেত্রে টাইপ করার প্রয়োজন অনেকটাই কমে যাবে।
গুগল জানিয়েছে, নতুন ভয়েস সুবিধাগুলো ধাপে ধাপে ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। জিমেইল লাইভ ব্যবহারের জন্য গুগল এআই প্লাস, প্রো বা আল্ট্রা সাবস্ক্রিপশন প্রয়োজন হবে। অন্যদিকে ডকস লাইভ ও কিপ লাইভ ব্যবহারে গুগল এআই প্রো অথবা আল্ট্রা সাবস্ক্রিপশন লাগবে। প্রাথমিক পর্যায়ে সুবিধাগুলো মোবাইল ডিভাইসে ইংরেজি ভাষায় চালু করা হয়েছে। ব্যবসায়িক ওয়ার্কস্পেস ব্যবহারকারীদের জন্যও শিগগির এগুলো চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে গুগল।
মতামত দিন